জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই এ বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছে দলটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ইতোমধ্যে জামায়াতের লিগ্যাল টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। সেগুলো হাতে পেলেই দ্রুত আদালতে আবেদন করা হবে।
এর আগে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়া হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্যই গভীর শোক ও বেদনার বিষয়। অথচ ঘটনার রক্তের দাগ শুকানোর আগেই মামলার প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন দেশের মানুষকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে—তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা আরও বাড়ার আশঙ্কা তৈরি করবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন। আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
টিএই/এআর