রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’-এর পক্ষে কাজ করছে: হাসনাত

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’-এর পক্ষে কাজ করছে: হাসনাত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’-এর পক্ষে কাজ করছে। তাদের এই দ্বিমুখী খেলা বন্ধ করতে হবে। বিএনপির উদ্দেশে বলতে চাই, জনতার কাতারে নেমে আসুন। গণভোট নিয়ে মুখে যা বলছেন, তা কাজের মাধ্যমে প্রমাণ করুন। ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করে সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করব ইনশাআল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের কাউনিয়ায় রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, তখন ভারতের দোসর জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে। তারা রাজনৈতিকভাবে মৃত; ১২ তারিখ শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।

আখতার হোসেনের পক্ষে ভোট চেয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যেকোনো স্থান থেকে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও সক্ষমতা তার আছে। তাই কাউনিয়া-পীরগাছাবাসীকে তাকে জেতানোর দায়িত্ব নিতে হবে। আমাদের টাকা নেই, আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ আনিনি। তবে উন্নয়নের জন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ভোটের আগের দিন শাড়ি, লুঙ্গি বা টাকা নিয়ে যারা আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখান করতে হবে। আপনারা যদি সাময়িক অর্থ বা সুবিধার অপেক্ষায় থাকেন, তবে একদিনের আরামের বদলে আগামী ৫ বছর গোলামি করতে হবে। পরিবর্তনের যে সুবর্ণ সুযোগ এসেছে, তাকে কাজে লাগাতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন চান।


বিজ্ঞাপন


উক্ত নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর