গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় বালুবাহী ড্রাম্প ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চলন্ত ট্রাকে পিছন থেকে অটোরিকশার ধাক্কা, চালক নিহত
নিহত অটোরিকশা চালক সুজন (৩৫) শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা গ্রামের মৃত জয়নালের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি বালুভর্তি ট্রাক মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশা পল্লীবিদ্যুৎ মোড়ে প্রবেশের সময় ওই ট্রাকের সামনের চাকার সঙ্গে অটোরিকশা লেগে চালক পড়ে যান। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শ্রমিক নিহত
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, অটোরিকশা চালক নিহতের ঘটনায় ড্রাম্প ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ




