নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টির বিস্তৃতি কমে আসার পাশাপাশি সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আশা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও মনে করছেন অধিদফতরের আবহাওয়াবিদরা।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
পরদিন থেকে বৃষ্টির বিস্তৃতি কমে আসতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
২৩ নভেম্বর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ২৪ নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদফতর।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে এবং বর্তমানে ওড়িশায় অবস্থান করছে। সন্ধ্যার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে শুক্রবার ও শনিবার বৃষ্টি থাকবে। পরশু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাবে শুধু বৃষ্টি হবে, আর কিছু হবে না।
অন্যদিকে শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ শুক্রবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের ছয় ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬ মিলিমিটার।
এএইচ/এএম