আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে মাঠের শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন এমন তথ্য জানান।
আরিফ হোসেন জানান, আগামী ২১ নভেম্বর পর্যন্ত কৃষি পূর্বাভাস অনুযায়ী এ সময় দৈনিক উজ্জ্বল সূর্যকিরণের সময়কাল ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে থাকতে পারে। বাষ্পীভবনের দৈনিক গড় ১ দশমিক ৭৫ মিলিমিটার থেকে ৩ দশমিক ৭৫ মিলিমিটার থাকতে পারে।
তিনি আরও জানান, এ সময়ের মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা (২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম-বেশি ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ) এবং রাতের তাপমাত্রা রংপুর বিভাগ (১৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস কম-বেশি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) ব্যতীত সারাদেশে (২১ ডিগ্রি সেলসিয়াস কম-বেশি ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস )এর মধ্যে থাকতে পারে।
এ সময় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে, মাঠের শীতকালীন ফসল রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে ফসল রক্ষায় আবহাওয়া অধিদফতরের পরামর্শসমূহ—
১. জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখতে হবে, যাতে জমিতে অতিরিক্ত পানি জমে না থাকতে পারে।
২. বৃষ্টিপাতের আগেই পরিপক্ক ফসল সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখতে হবে।
৩. বৃষ্টিপাতের ক্ষতি থেকে রক্ষার জন্য বীজতলায় থাকা সবজির চারা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে।
৪. সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকতে হবে।
৫. বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকতে হবে।
৬. গবাদি পশু ও হাঁসমুরগীর থাকার জায়গা পরিষ্কার ও শুকনো রাখতে হবে।
এমএইচএইচ/এফএ




