Dhaka Mail Logo

আবহাওয়া

‘আকভান’ আছড়ে পড়ল ভারতের উপকূলে, যশোরে সর্বোচ্চ ১২৩ মিমি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

টানা বেশ কয়েক দিন সাগরে অবস্থান করে ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করছিল ঘূর্ণিঝড় ‘আকভান’। একপর্যায়ে ১১৭ কিলোমিটার বেগে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এর রূপ নিয়ে এগিয়ে আসছিল উপকূলের দিকে। কিন্তু আজ শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাতের আগে অবিরাম বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গেছে ‘আকভান’। ‘প্রবল ঘূর্ণিঝড় আকভান’ এখন ‘দুর্বল’ হয়ে আঘাত হানতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি)।

তবে এর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশা, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। এমনকি বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে যশোরে।

ওড়িশার ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ‘আকভানের’ উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে।

অন্যদিকে আইএমডি জানিয়েছে, এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৭০-৮০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে উপকূল অতিক্রম করতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এদিকে ‘আকভানের’ প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভানের’ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

‘আকভানের’ প্রভাব আগামীকাল শনিবার পর্যন্তও থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সকাল ৬টা আজ সকাল ৬টা পর্যন্ত সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে ১২৩ মিলিমিটার। একই সময় রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৯ মিলিমিটার। আজ ‘আকভান’ ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পরও এর প্রভাবে মেঘমালা সৃষ্টি হবে। এ কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগামী শনিবারও বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা আজ থেকে কমতে শুরু করবে।

এফএ