তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
বিশ্বজুড়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসের জরুরি কাজ কিংবা ব্যবসায়িক যোগাযোগে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন। এতদিন কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব চালানো ছিল সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপের সাবস্ক্রিপশন এবং বিভিন্ন পেইড প্ল্যানের খবরে ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল ও কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে।
অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কম্পিউটার বা ল্যাপটপে বার্তা পাঠানো, ফাইল আদানপ্রদান কিংবা কল করার জন্য কি এখন থেকে অর্থ গুনতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি কোনো পেইড প্ল্যানের নোটিফিকেশন বা অপশন চোখে পড়ে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মূল সেবাগুলো আগের মতোই বিনামূল্যে থাকছে, আর পেইড প্ল্যানগুলো মূলত বাড়তি সুবিধা ও কাস্টমাইজেশনের জন্য।
হোয়াটসঅ্যাপের নতুন হোয়াটসঅ্যাপ প্লাস সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে যে আলোচনা চলছে, তা ভারতে ধাপে ধাপে চালু করা হচ্ছে। প্রথমবারের মতো বিনামূল্যের সেবার পাশাপাশি ঐচ্ছিক পেইড সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যানের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ ভারতীয় রুপি। নতুন ব্যবহারকারীরা প্রথম এক মাস বিনামূল্যে ট্রায়াল হিসেবে এটি পরখ করে দেখতে পারবেন এবং প্রয়োজন মনে হলে পরবর্তীতে সাবস্ক্রিপশন চালু রাখতে পারবেন।
সাধারণ ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হলো, দৈনন্দিন প্রয়োজনীয় সেবাগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই বিনামূল্যে সাধারণ বার্তা পাঠানো, ভয়েস কল, ভিডিও কল এবং স্ট্যাটাস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষাও আগের মতোই সচল থাকবে।
৭৯ রুপির এই সাবস্ক্রিপশন প্ল্যানটি মূলত তাদের জন্য, যারা হোয়াটসঅ্যাপকে নিজেদের পছন্দ অনুযায়ী সাজাতে চান। এতে প্রায় ১৮টি নতুন রঙের থিমসহ নানা ধরনের কাস্টমাইজেশন এবং বাড়তি ফিচার যুক্ত করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ প্লাসের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য ডব্লিউএ ওয়েব প্লাস প্রো নামে আরও একটি পেইড প্ল্যান রয়েছে। তবে এটি হোয়াটসঅ্যাপের কোনো দাপ্তরিক প্ল্যান নয়, বরং একটি তৃতীয় পক্ষের ব্রাউজার এক্সটেনশন। বাড়তি গোপনীয়তা এবং ব্যবসায়িক কাজের কিছু টুল ব্যবহারের জন্য অনেকে আলাদা ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা নেন।
এই তৃতীয় পক্ষের সেবায় তিনটি আলাদা প্ল্যান রয়েছে। প্রথমটি হলো স্টার্টার প্ল্যান, যেখানে ব্যক্তিগত ব্যবহারের উপযোগী সাধারণ টুল থাকে। এর নিয়মিত বার্ষিক মূল্য ১৭৬ দশমিক ৯৯ মার্কিন ডলার, তবে বিশেষ ছাড়ে এটি পাওয়া যাচ্ছে ৮৮ দশমিক ৫০ ডলারে। আনুমানিক হিসাবে বাংলাদেশি মুদ্রায় এই ছাড়ের মূল্য প্রায় ১০ হাজার ৬২০ টাকা থেকে ১০ হাজার ৮০০ টাকার কাছাকাছি হতে পারে।
দ্বিতীয় প্ল্যানটি হলো প্রফেশনাল প্ল্যান, যা সবচেয়ে জনপ্রিয় হিসেবে পরিচিত। দৈনন্দিন ব্যবসায়িক কাজের কথা ভেবে এটি তৈরি করা হয়েছে। এর নিয়মিত বার্ষিক মূল্য ৪১২ দশমিক ৯৯ ডলার হলেও বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে ২০৬ দশমিক ৫০ ডলারে। বাংলাদেশি টাকায় ছাড়ের পর এর খরচ দাঁড়াতে পারে প্রায় ২৪ হাজার ৭৮০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকার মধ্যে।
তৃতীয়টি হলো এক্সপার্ট প্ল্যান, যা উন্নত টুল এবং বেশি ব্যবহারের সুবিধা প্রত্যাশীদের জন্য। এর নিয়মিত বার্ষিক মূল্য ৫৮৯ দশমিক ৯৯ ডলার এবং ছাড়ে পাওয়া যাচ্ছে ২৯৫ ডলারে। বাংলাদেশি মুদ্রায় অফারের এই মূল্য প্রায় ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ৩৬ হাজার টাকার মতো হতে পারে।
আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে ডায়াল করুন গোপন কোড, বুঝুন আসল অবস্থা
তিনটি প্ল্যানেই প্রথম বছরের সাবস্ক্রিপশনে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং কাজের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন সুবিধা রাখা হয়েছে। স্টার্টার প্ল্যানে একজন ব্যবহারকারী ৫টি ব্রডকাস্টিং ক্যাম্পেইন, ৫টি স্মার্ট রিপ্লাই, ৫টি বার্তা টেমপ্লেট, ১০টি কাজ বা টাস্ক, এক্সপোর্টিং টুল এবং ক্লিক টু চ্যাট জেনারেটর ব্যবহার করতে পারবেন।
সবচেয়ে জনপ্রিয় প্রফেশনাল প্ল্যানে সর্বোচ্চ ৫ জন ব্যবহারকারী যুক্ত হতে পারবেন। এতে রয়েছে ১৫টি ব্রডকাস্টিং ক্যাম্পেইন, ২০টি স্মার্ট রিপ্লাই, ১৫টি বার্তা টেমপ্লেট এবং ৫০টি কাজ। এর সঙ্গে গ্রুপ টুল, নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা এবং পরিচিতি বা কনট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করার ফিচারও পাওয়া যাবে।
বড় দলের জন্য থাকা এক্সপার্ট প্ল্যানে সর্বোচ্চ ১০ জন ব্যবহারকারী কাজ করতে পারবেন। এতে ২০টি ব্রডকাস্টিং ক্যাম্পেইন, ৫০টি স্মার্ট রিপ্লাই, ২৫টি বার্তা টেমপ্লেট এবং ১০০টি কাজের সুবিধার পাশাপাশি আগের সব টুল এবং ১০টি ওয়েবহুক ব্যবহারের সুযোগ রয়েছে। প্রথম বছরের মেয়াদ শেষ হলে তিনটি প্ল্যানই নির্ধারিত পূর্ণ মূল্যে নবায়ন হবে।
এজেড