কম খরচে পছন্দের স্মার্টফোন কেনার আশায় অনেকেই ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন। কিন্তু কোনো কিছু যাচাই না করে হুট করে ফোন কিনলে বড় ধরনের লোকসানে পড়ার ঝুঁকি থাকে। ডায়ালার কোড ও সরাসরি কিছু পরীক্ষা করে নিলে কয়েক সেকেন্ডেই ফোনের গুরুত্বপূর্ণ ত্রুটি ধরতে পারবেন ক্রেতারা।
বাইরে থেকে স্মার্টফোনটি দেখতে ঝকঝকে মনে হলেও ভেতরে নানা সমস্যা লুকিয়ে থাকতে পারে। ডিসপ্লের ত্রুটি, কাজ না করা সেন্সর, দুর্বল ব্যাটারি কিংবা চুরি যাওয়া ফোনের মতো বিপদ এড়াতে কেনার আগেই ফোনের অবস্থা পরখ করে নেওয়া জরুরি।

কিছু স্মার্টফোনে বিশেষ ডায়ালার কোড ব্যবহার করে হার্ডওয়্যার পরীক্ষা করার সুবিধা রয়েছে। তবে সব ফোনে একই কোড কাজ করে না এবং নির্মাতা ও মডেলের ওপর ভিত্তি করে কোড আলাদা হতে পারে।
স্যামসাং ফোনের ডিসপ্লে ও হার্ডওয়্যার যাচাই করতে ফোনের ডায়ালারে গিয়ে #0# কোড তুলতে পারেন। কিছু মডেলে এর ফলে হার্ডওয়্যার পরীক্ষার একটি মেনু খুলতে পারে, যেখানে লাল, সবুজ ও নীল রঙ দেখিয়ে ডিসপ্লের ত্রুটি, স্পর্শ পর্দার কার্যকারিতা, স্পিকার, কম্পন ব্যবস্থা, ক্যামেরা ও সেন্সর যাচাই করার সুযোগ থাকে, যদিও সব মডেল বা সফটওয়্যার সংস্করণে এই কোড কাজ নাও করতে পারে।
শাওমি, রেডমি ও পোকো ফোনের একাধিক মডেলে হার্ডওয়্যার পরীক্ষার জন্য বিশেষ মেনু থাকে এবং কিছু মডেলে ডায়ালারে ##6484## লিখলে সেই মেনু সামনে আসে। এই কোড কাজ না করলে সেটিংস থেকে ফোন সম্পর্কে বা সব তথ্য বিভাগে গিয়ে কার্নেল সংস্করণে কয়েকবার চাপ দিয়ে পরীক্ষার মেনু খোলার বিকল্প থাকতে পারে।

ওই মেনুতে সাধারণত ডিসপ্লে, স্পর্শ পর্দা, স্পিকার, মাইক্রোফোন, ক্যামেরা, কম্পন ব্যবস্থা ও বিভিন্ন সেন্সর পরখ করা যায়। এ ছাড়া অনেক অ্যানড্রয়েড ফোনে ##4636## কোড লিখলে পরীক্ষার মেনু খুলতে পারে, যেখানে ফোন তথ্য, ব্যবহারের পরিসংখ্যান ও কিছু মডেলে ব্যাটারি তথ্য দেখা যায়, তবে এই কোড থেকে সব ফোনের প্রকৃত ব্যাটারির অবস্থা বা অবশিষ্ট আয়ু নিশ্চিতভাবে জানা যায় না।
আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে যেসব বিষয়ে জানা জরুরি
ফোনটি চুরি যাওয়া কি না তা বুঝতে আইএমইআই নম্বর যাচাই করা সবচেয়ে জরুরি এবং এর জন্য ডায়ালারে *#06# লিখলে পর্দায় ১৫ সংখ্যার আইএমইআই নম্বর ভেসে ওঠে। এরপর ফোনের নম্বরের সঙ্গে বক্স ও রসিদের নম্বর মিলিয়ে দেখা উচিত।

কোনো গোপন কোডই ফোনের সব ত্রুটি ধরতে পারে না বলে অর্থ পরিশোধের আগে সরাসরি হাতে নিয়ে কিছু পরীক্ষা করা দরকার। সাদা ও কালো পর্দায় দাগ বা ডেড পিক্সেল আছে কি না দেখা, চারপাশে আঙুল ঘুরিয়ে স্পর্শ পর্দা যাচাই করা, সামনের ও পেছনের সব ক্যামেরায় ছবি ও ভিডিও তোলা, গান বাজিয়ে ও কণ্ঠস্বর রেকর্ড করে স্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করা, দ্রুত চার্জ কমে কি না বা ফোন অতিরিক্ত গরম হয় কি না খেয়াল রাখা, চার্জার লাগিয়ে চার্জ নেওয়ার অবস্থা দেখা, নিজের সিম ভরে কল ও মোবাইল ডেটা পরখ করা এবং আগের মালিকের গুগল বা অ্যাপল হিসাব সরানো হয়েছে কি না নিশ্চিত করা জরুরি।
এজেড




