তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
সরকারি চাপ ও নজরদারির মুখে ভারতে ইনস্টাগ্রামের সাজেশন ব্যবস্থায় পরিবর্তন এনেছে মেটা। নতুন এই পদক্ষেপে ব্যবহারকারীদের ফিডে যৌন উত্তেজক ও হিংসাত্মক ছবি ও ভিডিও আগের তুলনায় কম দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অ্যালগরিদমে এই বদল আনায় ব্যবহারকারীরা ফিডে কিছুটা স্বস্তি পাবেন। গত মাসে সরকার মেটাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ভারতে ব্যবসা করতে হলে এ ধরনের আপত্তিকর বিষয়বস্তু থেকে দূরত্ব রাখতে হবে, যার পরপরই মঙ্গলবার সাজেশন ব্যবস্থায় পরিবর্তনের কথা জানায় প্রতিষ্ঠানটি।
মেটার দাবি, অনলাইন কনটেন্টের ওপর ভারত সরকারের নজরদারি বাড়ার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে সরকার মেটাকে ইনস্টাগ্রামে কনটেন্ট প্রদর্শনের পদ্ধতি পর্যালোচনা করতে বলে এবং এমন ব্যবস্থা নিতে নির্দেশ দেয় যাতে হিংসা ছড়াতে পারে বা জনশান্তি নষ্ট হতে পারে এমন ছবি কিংবা ভিডিও সামনে না আসে। পাশাপাশি কেবল নির্দিষ্ট মতামত বা সীমিত দৃষ্টিভঙ্গির কনটেন্টে ব্যবহারকারীদের আটকে না রাখার বিষয়েও উদ্বেগ জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ইনস্টাগ্রামে অনুসরণ করা অ্যাকাউন্টের পাশাপাশি অনুসরণ না করা অ্যাকাউন্টের রিলস ও পোস্টও সাজেশন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ ও দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে ফিডে দেখানো হয়। ভারতে এই সাজেশন ব্যবস্থাতেই বদল এনে অপরিচিত অ্যাকাউন্টের যৌন উত্তেজক ও হিংসাত্মক কনটেন্ট কম দেখানোর উদ্যোগ নিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে এতে সব কনটেন্ট পুরোপুরি মুছে ফেলা হবে না, বরং সেগুলো প্রচার ও পৌঁছে দেওয়ার কৌশলে পরিবর্তন আনা হয়েছে।
মেটার ভাষ্য অনুযায়ী, গত এক বছরে ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে তাদের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছে এবং সুপারিশ করা কনটেন্ট নিয়ে অভিযোগ আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। যদিও এই অভিযোগ কমার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়
কনটেন্ট প্রদর্শনের পদ্ধতিতে পরিবর্তন আনার ঘটনা মেটার জন্য নতুন নয়, এর আগে কানাডা ও ব্রাজিলে ফেসবুকে রাজনৈতিক কনটেন্টের ক্রমবিন্যাসেও বদল এনেছিল সংস্থাটি। তবে ভারতের এই সাম্প্রতিক পরিবর্তনকে মেটা সরাসরি সরকারি নির্দেশনার সঙ্গে যুক্ত না করে গত এক বছরের নিরাপত্তা উন্নতির অংশ হিসেবেই তুলে ধরেছে।
ভারতে বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় কোনো ভিডিও অল্প সময়েই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাই কেবল কী পোস্ট হচ্ছে তা নয়, কোন কনটেন্ট কতটা প্রচার করা হচ্ছে তাও এখন খতিয়ে দেখছে সরকার। এরই ধারাবাহিকতায় ইনস্টাগ্রামের ফিডে কিছু ধরনের হিংসাত্মক ও যৌন উত্তেজক কনটেন্ট কম দেখা যেতে পারে, তবে এর পূর্ণ প্রভাব সামনে বোঝা যাবে।
এজেড