তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরে স্বস্তি দেয় আইপিএস বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। কিন্তু অনেকেই আইপিএস কিনে সেটি এক কোণে ফেলে রাখেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কথা বেমালুম ভুলে যান। ফলে বিদ্যুৎ চলে গেলে দেখা যায় মাত্র ১০ মিনিটেই আইপিএস বন্ধ হয়ে গেছে। সাধারণত ব্যাটারির ভেতরের পানি কমে যাওয়ার কারণেই এর ব্যাকআপ দ্রুত শেষ হতে শুরু করে। তাই দামি ব্যাটারি ভালো রাখতে এবং এর আয়ু বাড়াতে কিছু জরুরি নিয়ম মেনে চলা অত্যন্ত প্রয়োজন।
সাধারণত প্রতি দেড় থেকে দুই মাসে একবার আইপিএসের ব্যাটারির পানি পরীক্ষা করা উচিত। তবে এলাকায় বিদ্যুৎ কম থাকলে বা গরমের মৌসুমে ব্যাটারি দ্রুত চার্জ ও ডিসচার্জ হয়, যার ফলে পানিও দ্রুত বাষ্প হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রতি মাসে অন্তত একবার ওয়াটার লেভেল ইন্ডিকেটর চেক করা দরকার।

আরও পড়ুন: এয়ার পিউরিফায়ার ফিল্টার কত দিন পরপর বদলানো উচিত? জেনে নিন সঠিক নিয়ম
ব্যাটারির প্রতিটি সেলে থাকা ফ্লোট ইন্ডিকেটরে লাল ও সবুজ রঙের চিহ্ন থাকে। ইন্ডিকেটরের মাথা লাল চিহ্নের কাছে বা নিচে নেমে গেলে পানি দেওয়ার সময় হয়। এ সময় খেয়াল রাখতে হবে যেন পানি শুধু সবুজ চিহ্ন পর্যন্তই ওঠে, কারণ অতিরিক্ত পানি ভরলে চার্জিংয়ের সময় অ্যাসিড উপচে পড়ে ব্যাটারি ও মেঝে নষ্ট হতে পারে।
পানি দেওয়ার ক্ষেত্রে কখনোই সাধারণ পানি ব্যবহার করা যাবে না, কারণ এতে থাকা মিনারেল, ক্লোরিন ও আয়রন লেড প্লেটের ক্ষতি করে। ব্যাটারির সুরক্ষায় সবসময় বিশুদ্ধ ডিস্টিলড ওয়াটার ব্যবহার করা উচিত। পানি দেওয়ার সময় অবশ্যই আইপিএসের মেইন সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখা নিরাপদ। ক্যাপ খোলার আগে শুকনা কাপড় দিয়ে ব্যাটারির উপরিভাগ পরিষ্কার করে নেওয়া ভালো, যাতে ভেতরে কোনো ধুলাবালি ঢুকতে না পারে। সরাসরি পানি না ঢেলে ফানেল ব্যবহার করা উচিত এবং টার্মিনালে কার্বন জমলে গরম পানি ও ব্রাশ দিয়ে তা পরিষ্কার করে নেওয়া দরকার।
এজেড