এয়ার পিউরিফায়ার ঘরের বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করলেও এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করে ভেতরের ফিল্টারের সঠিক রক্ষণাবেক্ষণের উপর। সময়ের সঙ্গে সঙ্গে ফিল্টারে ধুলাবালি ও ক্ষতিকর কণা জমে বাতাস চলাচলের পথ সরু হয়ে যায়, যার ফলে পিউরিফায়ার আগের মতো কার্যকরভাবে কাজ করতে পারে না। ফিল্টার জ্যাম হয়ে গেলে মেশিনের ফ্যানের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং বিদ্যুতের খরচও বৃদ্ধি পায়। তাই কোন ফিল্টার কত দিন অন্তর বদলানো উচিত এবং ফিল্টার নষ্ট হওয়ার লক্ষণগুলো কী কী, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
সাধারণত বেশিরভাগ এয়ার পিউরিফায়ারে একাধিক স্তরে বাতাস পরিষ্কার করা হয় এবং প্রতিটি ফিল্টারের আয়ু আলাদা হয়। প্রি-ফিল্টার বা প্রথম স্তরের ফিল্টারটি ধোয়া সম্ভব হলে প্রতি দুই থেকে চার সপ্তাহ অন্তর পরিষ্কার করা উচিত এবং ডিসপোজেবল প্রি-ফিল্টার দুই থেকে তিন মাস পর বদলে ফেলা ভালো। ধোঁয়া ও দুর্গন্ধ দূর করার কাজে ব্যবহৃত অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সাধারণত প্রতি তিন থেকে ছয় মাস অন্তর পরিবর্তনের প্রয়োজন হয়।

অন্যদিকে, বাতাসে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা আটকে দেওয়ার জন্য প্রধানত ব্যবহৃত হেপা ফিল্টার সাধারণ বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে প্রতি ছয় থেকে বারো মাস অন্তর বদলানোর পরামর্শ দেওয়া হয়। তবে বাড়ির বাতাসের মান এবং ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে ফিল্টার বদলানোর এই সময়সীমা কমবেশি হতে পারে।
ফিল্টার নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে। মেশিনের ফিল্টার ইন্ডিকেটর জ্বলে ওঠা, হেপা ফিল্টারের সাদা রং বদলে গাঢ় ধূসর বা বাদামি হয়ে যাওয়া এবং ভেন্ট থেকে কম বাতাস বের হওয়া ফিল্টার জ্যাম হওয়ার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় বদলে যাচ্ছে চিকিৎসাবিজ্ঞান
এছাড়াও মেশিন থেকে বাসি গন্ধ বের হওয়া, বারবার হাঁচি হওয়া, সকালে ঘুম থেকে উঠে নাক বন্ধ থাকা কিংবা মোটর থেকে আগের চেয়ে বেশি শব্দ হওয়াও ফিল্টারের কার্যক্ষমতা কমে যাওয়ার লক্ষণ।
বাড়িতে যদি পোষ্য প্রাণী থাকে, কেউ ধূমপান করেন কিংবা অতিরিক্ত দূষিত এলাকার কাছাকাছি বসবাস করা হয়, তবে স্বাভাবিক সময়ের আগেই ফিল্টার বদলানোর প্রয়োজন হতে পারে। তাই প্রস্তুতকারক সংস্থার নির্দেশিকা মেনে সঠিক সময়ে ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করলে ঘরের বাতাস সবসময় বিশুদ্ধ ও নিরাপদ থাকে।
এজেড




