তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
বাড়িতে ওয়াইফাই সংযোগ থাকা সত্ত্বেও অনেক সময় ইন্টারনেটের গতি বা স্পিড অত্যন্ত কম পাওয়া যায়। কাজের মাঝে হঠাৎ গতি কমে গেলে মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক এবং কাজের ছন্দও ব্যাহত হয়। সাধারণত আমরা এর জন্য ব্রডব্যান্ড সংস্থাকে দায়ী করে থাকি এবং বারবার ফোন করে অভিযোগ জানাই। কিন্তু অনেক সময় এই সমস্যার আসল উৎস লুকিয়ে থাকে আমাদের নিজেদের বাড়ির ভেতরেই। বাড়িতে ব্যবহৃত এমন কিছু সাধারণ ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে, যেগুলি ওয়াই-ফাই রাউটারের একেবারে কাছে রাখলে ইন্টারনেটের গতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে। এই যন্ত্রগুলি থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ওয়াইফাই সিগন্যালের পথে বড় বাধা তৈরি করে, যার ফলে সিগন্যাল দুর্বল হয়ে যায়।
রান্নাঘরে থাকা মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম করা থেকে রান্নার নানা কাজে ব্যবহার করা হয়, যা ওয়াইফাই সিগন্যালের অন্যতম বড় শত্রু। মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াইফাই রাউটার দুটিই একই অর্থাৎ ২.৪ গিগাহার্জ রেডিও ফ্রিকেন্সিতে কাজ করে। মাইক্রোওয়েভ ওভেন চালু করলে সেটি একই ফ্রিকেন্সিতে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা ওয়াইফাই সিগন্যালের চলাচলে বাধা সৃষ্টি করে। পাশাপাশি আমাদের অনেকের বাড়িতেই কর্ডলেস ল্যান্ডলাইন ফোন, ব্লুটুথ স্পিকার এবং ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করা হয়। এই গ্যাজেটগুলো রেডিও তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করায় একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সিগন্যালের ভিড় বা ইন্টারফারেন্স তৈরি হয়। এর ফলে ওয়াইফাইয়ের ডেটা প্যাকেট অন্য গ্যাজেটের তরঙ্গের সঙ্গে সংঘর্ষে বাধা পায় এবং রাউটারের সামনে বসেও কম গতি পাওয়া যায়।

এছাড়া বর্তমানে বাড়িতে বড় বড় স্মার্ট এলইডি টিভি লাগানোর প্রবণতা বেড়েছে, যেগুলোর স্ক্রিন এবং ধাতব অংশ বেশ বড়। অনেকেই ঘরের সৌন্দর্য বজায় রাখতে সেট-টপ বক্সের পাশে বা টিভি ক্যাবিনেটের মধ্যে ওয়াইফাই রাউটার লুকিয়ে রাখেন, যা একটি বড় ভুল। টিভির ভেতরে থাকা বড় সার্কিট বোর্ড, ধাতব প্লেট এবং কাচের স্ক্রিন ওয়াইফাইয়ের রেডিও সিগন্যালের চলাচলে বাধা দেয় বা সিগন্যাল প্রতিফলিত করে।
আরও পড়ুন: নতুন ফোন বা ল্যাপটপ কিনে বাক্স খুললেই হতে পারে বড় ক্ষতি!
এমনকি বাড়ির বড় ধাতব আলমারি, লোহার গ্রিল এবং বড় আয়নাও সিগন্যাল দুর্বল করে দিতে পারে। তাই ওয়াইফাই রাউটার টিভি বা ধাতব বস্তুর পেছনে না রেখে ঘরের কোনো খোলামেলা এবং উঁচু জায়গায় স্থাপন করা উচিত, যাতে সিগন্যাল পুরো ঘরে ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে।
এজেড