অনলাইন শপিং আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুললেও এর সঙ্গে কিছু ঝুঁকিও জড়িয়ে থাকে। বাড়ি বা অফিসে নতুন স্মার্টফোন কিংবা ল্যাপটপের পার্সেল পৌঁছানোর পর আনন্দের চোটে অনেকেই তাড়াহুড়া করে বাক্স খুলেই ডিভাইসটি চালু করে ফেলেন। কিন্তু আপনার এই সামান্য একটু তাড়াহুড়াই হাজার হাজার টাকা লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন: কিবোর্ডের এফ ও জে কি-তে ছোট উঁচু দাগ কেন থাকে জানেন?
বর্তমানে ই-কমার্স সংস্থাগুলো তাদের রিটার্ন এবং রিপ্লেসমেন্টের নিয়মকানুন বেশ কঠোর করেছে। পার্সেলের ভেতর থেকে ভাঙা ফোন বের হলে, কোনো নকল পণ্য পাওয়া গেলে কিংবা ডিভাইসটি একেবারেই চালু না হলে উপযুক্ত প্রমাণ ছাড়া কোম্পানিগুলো সাধারণত কোনো অভিযোগ মানতে চায় না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রমাণ হতে পারে একটি সঠিক আনবক্সিং ভিডিও। কিন্তু বেশিরভাগ মানুষই ভিডিও করার সময় কিছু সাধারণ ভুল করে ফেলেন, যার ফলে কাস্টমার কেয়ার কর্তৃপক্ষ তাদের অভিযোগ সরাসরি খারিজ করে দেয়। আপনি যদি যেকোনো ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে চান, তবে নতুন গ্যাজেট খোলার সময় ভিডিওতে বিশেষ কয়েকটি বিষয় রেকর্ড করা অত্যন্ত জরুরি।

ভিডিও রেকর্ডিং শুরু করার পর প্রথমেই ক্যামেরার সামনে বাইরের কুরিয়ার প্যাকেটের ছয়টি দিক খুব ভালোভাবে দেখাতে হবে। এর মাধ্যমে প্রমাণিত হবে যে প্যাকেটটি আগে থেকেই নিচ থেকে, পাশ থেকে কিংবা অন্য কোনো উপায়ে কাটা বা খোলা হয়নি। এরপর প্যাকেটের গায়ে লাগানো শিপিং লেবেলটি ক্যামেরার সামনে ধরতে হবে এবং এমনভাবে ফোকাস করতে হবে যাতে সেখানে লেখা আপনার নাম, অর্ডার আইডি এবং ট্র্যাকিং নম্বর পরিষ্কারভাবে দেখা যায়। বাইরের প্যাকেট খোলার পর ভিতর থেকে ফোন বা ল্যাপটপের আসল বাক্সটি বের করলে সেটি সঙ্গে সঙ্গে না খুলে বাক্সের ওপরে লাগানো কোম্পানির আসল ব্র্যান্ড সিল এবং বাক্সের পেছনে থাকা আইএমইআই ও সিরিয়াল নম্বর ক্যামেরায় ভালোভাবে রেকর্ড করে নিতে হবে। যদি কোম্পানির সিল আগে থেকেই কাটা বা আলগা অবস্থায় থাকে, তবে সেখানেই থেমে গিয়ে ভিডিওতে বিষয়টি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে হবে।
বাক্সের সিল কাটার পর নতুন ফোন বা ল্যাপটপটি বাইরে বের করেই সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন টিপে চালু করার ভুল করা যাবে না। প্রথমে ডিভাইসটির চারপাশের বডি, স্ক্রিন, ক্যামেরার লেন্স এবং চার্জিং পোর্ট ক্যামেরার একেবারে সামনে এনে ভালোভাবে পরীক্ষা করে দেখাতে হবে। অনেক সময় পরিবহনের সময় অতিরিক্ত চাপের কারণে স্ক্রিনে সূক্ষ্ম ফাটল দেখা দেয় কিংবা ডিভাইসের বডি সামান্য বেঁকে যায়। আপনি যদি সেগুলোর কোনোটি না দেখিয়ে সরাসরি ফোন চালু করে ফেলেন এবং পরে কোনো ত্রুটি নজরে আসে, তবে কোম্পানি সহজেই দায় এড়িয়ে দাবি করতে পারে যে আপনার হাত থেকে পড়ে গিয়েই ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিভাইসের বাইরের অংশ ভালোভাবে পরীক্ষা করার পর বাক্সের ভিতরে থাকা চার্জার, কেবল এবং অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও বের করে ক্যামেরার সামনে দেখাতে হবে। অনেক সময় দেখা যায় বাক্স থেকে চার্জার উধাও থাকে অথবা আসল কেবলের বদলে নিম্নমানের কোনো লোকাল কেবল দেওয়া হয়েছে। ভিডিওতে এই সমস্ত খুটিনাটি বিষয় রেকর্ড করা থাকলে আপনার হাতে যথেষ্ট জোরালো প্রমাণ থাকবে।
ভিডিও রেকর্ড করার সময় মাঝখানে কোনো ধরনের কাট বা বিরতি রাখা যাবে না কিংবা কয়েক সেকেন্ডের জন্যও ডিভাইসটিকে ক্যামেরার ফ্রেমের বাইরে নিয়ে যাওয়া যাবে না। কাস্টমার কেয়ার কর্তৃপক্ষের আনবক্সিং ভিডিও খারিজ করার অন্যতম প্রধান কারণ হলো ভিডিওর মাঝখানে বিরতি থাকা। তাই ভিডিও করার সময় ফোনটি কোনো নির্দিষ্ট স্ট্যান্ডের ওপর স্থির করে রাখতে পারেন অথবা পরিবারের অন্য কারও সাহায্য নিতে পারেন, যাতে এক সেকেন্ডের জন্যেও গ্যাজেটটি ক্যামেরার নজর থেকে দূরে না যায়। ডিভাইসটি বাইরে থেকে সম্পূর্ণ পরীক্ষা করার পরেই কেবল ক্যামেরার সামনে রেখে পাওয়ার বাটন টিপে ফোন বা ল্যাপটপ চালু করতে হবে। অনেক সময় নতুন গ্যাজেট একেবারেই চালু হয় না কিংবা স্ক্রিনে সবুজ বা হলুদ রঙের রেখা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে স্ক্রিন সম্পূর্ণ চালু হয়ে হোম পেজ বা সেটআপ পেজ না আসা পর্যন্ত কোনোভাবেই ভিডিও বন্ধ করা যাবে না। কোনো রকম এডিট না করা এই একটানা রেকর্ড করা ভিডিওই পণ্য ফেরত বা বদলানোর অভিযোগের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় এবং বিশ্বস্ত প্রমাণ হিসেবে কাজ করবে এবং টাকা ফেরত পাওয়ার দাবিকে অত্যন্ত শক্ত করবে।
এজেড




