তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
আজকাল নতুন স্মার্টফোন কেনার সময় দেখা যায়, বেশিরভাগ সংস্থাই ফোনের বাক্সের ভেতরে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে নিজের ফোনের জন্য নতুন ফাস্ট চার্জার কিনতে বাজারে বা অনলাইন ওয়েবসাইটে খোঁজ করতে গেলে সাধারণ চার্জারের পাশাপাশি গ্যালিয়াম নাইট্রাইড বা GaN চার্জারের নামও চোখে পড়ে। অনেকেই বুঝতে পারেন না, এই নতুন চার্জারে এমন কী বিশেষত্ব রয়েছে এবং বাড়িতে থাকা পুরনো চার্জারের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়। অনেকে এর দাম তুলনামূলক বেশি দেখে দ্বিধায় পড়েন। তবে এটি চার্জিং প্রযুক্তির দুনিয়ায় একটি নতুন আপগ্রেড, যা দামি ডিভাইসগুলোর সুরক্ষা ও দ্রুত চার্জিং নিশ্চিত করে।
বাড়িতে ব্যবহার করা সাধারণ চার্জারের ভেতরে বিদ্যুৎ নিয়ন্ত্রণের জন্য সিলিকন ব্যবহার করা হয়। কিন্তু ফাস্ট চার্জিংয়ের যুগে বেশি পাওয়ার সরবরাহ করতে গেলে সিলিকন খুব দ্রুত গরম হয়ে যায়। এই সমস্যা দূর করতেই আনা হয়েছে গ্যালিয়াম নাইট্রাইড বা GaN প্রযুক্তি। এটি স্ফটিকের মতো একটি সেমিকন্ডাক্টর উপাদান, যা সিলিকনের তুলনায় কয়েক গুণ বেশি ভোল্টেজ ও কারেন্ট সহজেই সামলাতে পারে। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় অনেক দ্রুত এবং শক্তির অপচয়ও হয় খুব কম। সেই কারণেই সাধারণ সিলিকন চার্জার ঠান্ডা রাখতে যেখানে বড় বড় যন্ত্রাংশ ও অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়, সেখানে GaN চার্জারের ক্ষেত্রে খুব ছোট জায়গার মধ্যেই সেই কাজ করা সম্ভব।

এই আধুনিক চার্জারের সবচেয়ে বড় সুবিধা হলো এর ছোট আকার। গ্যালিয়াম নাইট্রাইডের যন্ত্রাংশগুলো একে অপরের খুব কাছাকাছি বসানো যায়। ফলে ৬৫ ওয়াট বা ১০০ ওয়াট ক্ষমতার শক্তিশালী GaN চার্জারও আকারে আপনার পুরনো ২০ ওয়াটের সাধারণ চার্জারের মতো ছোট হতে পারে। এটি ওজনে হালকা এবং সহজেই পকেট বা ব্যাগে রাখা যায়। সাধারণ ফাস্ট চার্জার দিয়ে ফোন চার্জ করার সময় অ্যাডাপ্টার গরম হয়ে যায়। অন্যদিকে, GaN চার্জারে তাপ উৎপন্ন হয় অনেক কম। ফলে চার্জার তুলনামূলক ঠান্ডা থাকে এবং ফোনের ব্যাটারিও অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পায়।
আরও পড়ুন: নতুন ফোন বা ল্যাপটপ কিনে বাক্স খুললেই হতে পারে বড় ক্ষতি!
এছাড়াও বেশিরভাগ GaN চার্জারে দুই বা তিনটি পোর্ট থাকে। এর মধ্যে টাইপ-সি এবং টাইপ-এ পোর্টও পাওয়া যায়। অর্থাৎ, কোথাও বেড়াতে গেলে ফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাডস এবং ল্যাপটপের জন্য আলাদা আলাদা চার্জার নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। একই চার্জার দিয়ে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা সম্ভব। নিরাপত্তার দিক থেকেও এই চার্জার সাধারণ চার্জারের তুলনায় অনেক বেশি উন্নত। এতে ওভার-ভোল্টেজ, শর্ট সার্কিট এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য উন্নত চিপ থাকে। এই চিপ নিজে থেকেই বুঝতে পারে আপনার ডিভাইসের ঠিক কতটা পাওয়ার প্রয়োজন। যেমন, ১০০ ওয়াট ক্ষমতার GaN চার্জার দিয়ে কোনো ছোট ব্লুটুথ ইয়ারফোন চার্জ করলে, চার্জারটি ইয়ারফোনের প্রয়োজন অনুযায়ীই বিদ্যুৎ সরবরাহ করবে। ফলে অতিরিক্ত পাওয়ারের কারণে ব্যাটারি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।

তবে দামের দিক থেকে সাধারণ চার্জারের তুলনায় GaN চার্জার কিছুটা বেশি দামি। আপনার কাছে যদি সাধারণ কোনো স্মার্টফোন থাকে, যা শুধু ১৫ ওয়াট বা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে, তা হলে সাধারণ চার্জার দিয়েই কাজ চালিয়ে নেওয়া সম্ভব। কিন্তু আপনার কাছে যদি দামি স্মার্টফোন থাকে এবং পাশাপাশি ল্যাপটপও ব্যবহার করেন, তা হলে গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তির এই চার্জার কেনা সব দিক থেকেই লাভজনক হবে।
এজেড