Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

কিবোর্ডের এফ ও জে কি-তে ছোট উঁচু দাগ কেন থাকে জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

বর্তমান সময়ে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এর সুবাদে কিবোর্ডের সঙ্গেও আমরা সবাই পরিচিত। তবে আমাদের অনেকেরই হয়তো অজানা যে, কিবোর্ডের এফ এবং জে বোতাম দুটিতে ছোট ছোট উঁচু দাগ বা বাম্প কেন থাকে। এই বাম্পগুলো এতটাই ছোট হয় যে সবসময় তা ঠিকমতো বোঝা যায় না। কিন্তু কিবোর্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজে লাগে এই দাগগুলো।

এফ এবং জে কি-র এই উঁচু দাগগুলো হলো মূলত স্পর্শকাতর মার্কার, যা ব্যবহারকারীদের কিবোর্ডের দিকে না তাকিয়েই আঙুল সঠিক জায়গায় রাখতে সাহায্য করে। অতীতে পেশাদার টাইপিস্টদের কোনো ভুলত্রুটি ছাড়াই খুব দ্রুত টাইপ করতে হতো। এজন্য তাদের আঙুলগুলোকে একটি নির্দিষ্ট এবং সঠিক অবস্থানে রাখা অত্যন্ত জরুরি ছিল। বর্তমান যুগেও পেশাদার টাইপিস্টরা এই নিয়ম মেনেই কাজ করেন। তারা সাধারণত কিবোর্ডের দিকে না তাকিয়ে দ্রুত গতিতে টাইপ করেন, যাকে টাচ টাইপিং বলা হয়। এফ এবং জে কি-র এই বাম্প বা দাগগুলো টাইপিস্টদের না দেখেও বুঝতে সাহায্য করে যে তাদের আঙুলগুলো ঠিক কোথায় রাখতে হবে।

keyboard_pic

এই বিশেষ স্পর্শকাতর মার্কারগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্যও সমানভাবে উপকারী। কেউ যদি একবার নিজের আঙুলগুলো সঠিক স্থানে রাখার অভ্যাস আয়ত্ত করে নেন, তবে তাকে বারবার স্ক্রিন থেকে চোখ সরিয়ে কিবোর্ডের দিকে তাকাতে হয় না এবং তিনি অনায়াসে দ্রুত টাইপ করতে পারেন। টাইপিংয়ের গতি বাড়ানোর পাশাপাশি এই দাগগুলো হাত ও কবজির ওপর থেকে অতিরিক্ত চাপও কমিয়ে দেয়। কিবোর্ডের ওপর বেশি চাপ না দিয়ে এবং বিভিন্ন বোতামে পৌঁছানোর জন্য হাতকে বারবার এদিক-ওদিক ঘোরানোর ঝামেলা থেকে মুক্তি দেয় এই ছোট্ট মার্কারগুলো।

আরও পড়ুন: এক চার্জে টানা ৭ দিন চলবে ভিভোর এই ফোন

এফ এবং জে কি-র এই বাম্প বা দাগগুলোর সঠিক উৎপত্তি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। তথ্য ঘাঁটলে জানা যায়, ২০০২ সালের জুন মাসে ই বেটিচ নামে এক ব্যক্তি এই ফিচারের আবিষ্কার করেছিলেন বলে দাবি করা হয়। তবে এটিকে পুরোপুরি সত্য বলে মনে করা হয় না। বেটিচ যখন কিবোর্ডের বিভিন্ন কি পরিবর্তন করার জন্য একটি পেটেন্ট রেজিস্টার করেছিলেন, তখন তার উদ্দেশ্য নতুন কিছু যোগ করা ছিল না, বরং কি-গুলোর অবস্থান একটু পরিবর্তন করা ছিল। তাই ঠিক কার হাত ধরে এই বিশেষ দাগগুলোর প্রচলন হয়েছিল, তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি।

এজেড