একবার চার্জে টানা সাত দিন চালানো সম্ভব এমন স্মার্টফোন বাজারে এনে বড় চমক দিতে পারে প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। প্রায় ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে চীনের এই জনপ্রিয় ব্র্যান্ডটি।
সম্প্রতি দেশটির এক প্রখ্যাত তথ্য প্রকাশকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে এ নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। শুধু বিশাল ব্যাটারির স্মার্টফোনই নয়, ভিভোর পরবর্তী প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ডিজিটাল চ্যাট স্টেশন নামের ওই তথ্য প্রকাশকারী চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জানিয়েছে, নীল রঙের লোগো ব্যবহার করা এক প্রযুক্তি প্রতিষ্ঠান ১১,৯৭০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। সরাসরি নামটি উল্লেখ না করলেও প্রযুক্তি মহলের বিশ্বাস, এখানে ভিভোর কথাই ইঙ্গিত করা হয়েছে। এই তথ্য সত্য প্রমাণিত হলে ভবিষ্যতে ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন বাজারে দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এটি কোন নির্দিষ্ট মডেলে যুক্ত করা হবে বা কবে নাগাদ বাজারে আসবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি বড় পর্দার অন্য একটি ডিভাইসের জন্য এর চেয়েও বড় ব্যাটারি নিয়ে পরীক্ষার কথা জানা গেছে।
আরও পড়ুন: স্মার্ট বাল্ব কি আসলেই কাজের? কতটা বিদ্যুৎ বিল বাঁচায় জানুন
পাশাপাশি ভিভোর পরবর্তী ফোল্ডেবল ফোনের জন্য দুটি পৃথক নকশা নিয়ে আলোচনা চলছে, যার একটি সাধারণ বইয়ের মতো খোলার ব্যবস্থা এবং অন্যটি কিছুটা চওড়া ডিসপ্লে। এই ভাঁজযোগ্য ফোনটি ২০২৭ সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভিভোর সহ-প্রতিষ্ঠান আইকু মাঝারি আকারের ডিসপ্লেসহ একটি ফ্ল্যাগশিপ ফোন এবং ৭ ইঞ্চির ডিসপ্লেসহ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বেশি ব্যাটারির একটি মধ্যম বাজেটের স্মার্টফোন তৈরি করছে, যা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে। বর্তমানে অনার, রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো বড় ব্যাটারির দিকে ঝুঁকছে, ফলে দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোনের এই প্রতিযোগিতা আগামীতে আরো তীব্র হবে।
এজেড




