তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
আজকাল রান্নাঘরে ফ্রিজ থাকা আর বিলাসিতার বিষয় নয়, বরং প্রয়োজন হয়ে উঠেছে। তাই প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় রেফ্রিজারেটর। তবে ফ্রিজ ব্যবহার করার সময় কী কী সতর্কতা মেনে চলা উচিত, সেই বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। বিশেষজ্ঞদের মতে, ঋতু পরিবর্তনের সঙ্গে ফ্রিজের তাপমাত্রার সেটিংসেও কিছুটা পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।
রেফ্রিজারেটর বা ফ্রিজের ভেতরে রাখা খাবার দীর্ঘক্ষণ সতেজ রাখতে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা হয়। কিন্তু বাইরের আবহাওয়ার তাপমাত্রা বদলালে ফ্রিজের ভিতরের পরিবেশেও তার প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রার সেটিংস ঠিক না করলে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ভুল তাপমাত্রায় ফ্রিজ চালালে বিদ্যুতের খরচও বেড়ে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ফ্রিজের তাপমাত্রা পরিবর্তনের জন্য সাধারণত দরজা খুললে ভেতরের দিকে একটি ডায়াল বা কন্ট্রোল দেওয়া থাকে। অনেক ফ্রিজে এর কাছেই ডিফ্রস্ট করার বোতামও থাকে। আধুনিক কিছু ফ্রিজে গ্রীষ্ম ও শীতকালে তাপমাত্রা কত রাখা উচিত, তা বোঝানোর জন্য সামার ও উইন্টার নামে আলাদা চিহ্নও দেওয়া থাকে।
আরও পড়ুন: শীতে এসি বন্ধ করে কভার পরিয়ে রাখেন? জানুন সঠিক নিয়ম
আপনার ফ্রিজে যদি এই ধরনের কোনো নির্দেশিকা না থাকে, তাহলে ম্যানুয়াল দেখে উপযুক্ত সেটিংস বেছে নেওয়া উচিত। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতকালে ফ্রিজের তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যেতে পারে। এতে ফ্রিজের বিদ্যুৎ খরচ কমতে পারে এবং বিদ্যুতের বিলেও সাশ্রয় হতে পারে।
_20261105_100052241.jpeg)
শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকলেও ফ্রিজের তাপমাত্রা নিরাপদ সীমার মধ্যে রাখুন। শুধু আবহাওয়া ঠান্ডা বলে ফ্রিজের শীতলতা কমিয়ে দেওয়া ঠিক না। কারণ ঘরের তাপমাত্রা, ফ্রিজের ব্যবহার এবং দরজা খোলা-বন্ধ করার ওপরও এর ভেতরের তাপমাত্রা নির্ভর করে। ফ্রিজের ভেতরে খাবার ঠান্ডা মনে হলেই তাপমাত্রা সঠিক আছে, এমনটা নিশ্চিত করে বলা যায় না। তাপমাত্রা ঠিক আছে কি না জানতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। আপনার ফ্রিজের মডেল অনুযায়ী সঠিক সেটিং জানতে প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসরণ করুন।
এজেড