তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম
পুরনো স্মার্টফোন বদলে নতুন ফোন হাতে পাওয়ার পর সাধারণত প্রথমেই পুরনো ফোনের ফিজিক্যাল সিম কার্ডটি খুলে নতুন ডিভাইসে প্রবেশ করান ব্যবহারকারীরা। তবে বর্তমানে নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে আইফোন, স্যামসাং কিংবা গুগল পিক্সেলের মতো প্রিমিয়াম ফোনে ই-সিমের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। চুরি বা হারানোর ভয় না থাকায় এবং ফোন ট্র্যাক করা সহজ হওয়ায় প্রযুক্তিপ্রেমীদের কাছে ই-সিম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে অনেকেই জানেন না যে ফোন বদল করলে ই-সিম কীভাবে নতুন ডিভাইসে স্থানান্তর করতে হয়।
পুরনো ফোন বদলে নতুন ফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে ই-সিম বন্ধ হয়ে যায় না, তবে এটি পুরনো ফোনে সচল রেখেই নির্দিষ্ট নিয়মে নতুন ফোনে ট্রান্সফার করতে হয়।
_20261103_100801166.jpeg)
এয়ারটেল গ্রাহকরা নতুন ফোনে 'এয়ারটেল থ্যাংকস' (Airtel Thanks) অ্যাপ ডাউনলোড করে লগ-ইন করার পর ‘Upgrade to eSIM’ অপশনে গিয়ে নতুন ফোনের ইআইডি (EID) নম্বর দিলেই রেজিস্টার্ড ইমেল আইডিতে কিউআর কোড (QR Code) পেয়ে যাবেন। সেটি স্ক্যান করলেই ই-সিম সক্রিয় হয়ে যায়। অন্যদিকে, জিও গ্রাহকদের পুরনো ফোন থেকে ‘GETESIM’ লিখে স্পেস দিয়ে নতুন ফোনের ৩২ সংখ্যার EID ও ১৫ সংখ্যার IMEI নম্বর টাইপ করে ১৯৯ নম্বরে এসএমএস পাঠাতে হয়। এরপর কনফার্মেশন ও ইমেলের মাধ্যমে কিউআর কোড চলে আসে। নিরাপত্তার স্বার্থে উভয় নেটওয়ার্কেই একটি স্বয়ংক্রিয় ভেরিফিকেশন কল আসে, যেখানে সম্মতি জানানোর প্রায় দুই ঘণ্টার মধ্যে নতুন ফোনে নেটওয়ার্ক সচল হয়ে যায়।
আরও পড়ুন: সিম কার্ড কী? কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
আইফোন থেকে আইফোন কিংবা সাম্প্রতিক অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ই-সিম স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ। আইওএস-এর 'ই-সিম কুইক ট্রান্সফার' (eSIM Quick Transfer) ফিচারের মাধ্যমে টেলিকম সংস্থাকে কোনো মেসেজ পাঠানো ছাড়াই কাজ সারা যায়। এর জন্য দুটি আইফোন পাশাপাশি রেখে ব্লুটুথ ও ওয়াই-ফাই চালু করে একই অ্যাপল আইডি দিয়ে লগ-ইন থাকতে হয়। এরপর নতুন আইফোনের সেটিংস থেকে ‘Mobile Service’-এ গিয়ে ‘Add eSIM’ এবং ‘Transfer From Nearby iPhone’ সিলেক্ট করলেই পপ-আপ ও ভেরিফিকেশন কোডের মাধ্যমে মুহূর্তেই সিম ট্রান্সফার হয়ে যায়। একইভাবে গুগল সমর্থিত অ্যান্ড্রয়েড ফোনেও সেটআপের সময় কিউআর কোড স্ক্যান করে এই কাজ করা যায়।

ই-সিম স্থানান্তরের সময় কিছু জরুরি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। নতুন ফোনে সম্পূর্ণ নেটওয়ার্ক আসার আগে ভুলেও পুরনো ফোন থেকে ই-সিম প্রোফাইল ডিলিট বা ফোন ফরম্যাট করবেন না, কারণ ওটিপি বা ভেরিফিকেশন কল পুরনো ফোনেই আসে। এছাড়া নিরাপত্তার স্বার্থে সিম পরিবর্তনের পরবর্তী ২৪ ঘণ্টা সংশ্লিষ্ট নম্বরে এসএমএস পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকে, যা ব্যাংকিং বা ইউপিআই লেনদেনে প্রভাব ফেলতে পারে। তাই ই-সিম বদলানোর আগেই জরুরি আর্থিক লেনদেনগুলো সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
এজেড