Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

স্যামসাংয়ের প্রথম এআই স্মার্ট গ্লাস ‘ইন্টেলিজেন্ট আইওয়্যার’ আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

প্রযুক্তি বিশ্বে প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে বাজারে আসছে স্যামসাংয়ের প্রথম এআই স্মার্ট গ্লাস ‘ইন্টেলিজেন্ট আইওয়্যার’।  তবে প্রথম পর্যায়ে বিশ্বজুড়ে নয়, কেবল দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এটি বিক্রি শুরু হবে।

স্যামসাংয়ের নতুন এই পরিধানযোগ্য ডিভাইসটি নিয়ে আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা না হলেও, বিগগো ফাইন্যান্সের এক প্রতিবেদনে শিল্পমহলের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার গ্রাহকদের প্রতিক্রিয়া এবং চাহিদা যাচাইয়ের পর ইউরোপ ও চিনের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ডিভাইসটি আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এর আগে গ্যালাক্সি এক্সআর হেডসেটের ক্ষেত্রেও একই কৌশল গ্রহণ করেছিল স্যামসাং।

samsung

চলতি বছরের জুলাইয়ে লন্ডনে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে প্রথমবার ‘ইন্টেলিজেন্ট আইওয়্যার’-এর ঝলক দেখানো হয়েছিল। গুগলের অ্যানড্রয়েড এক্সআর প্ল্যাটফর্ম এবং জেমিনি এআই-এর সমন্বয়ে তৈরি এই স্মার্ট গ্লাসটি সাধারণ চশমার পাশাপাশি একটি শক্তিশালী এআই সহকারী হিসেবে কাজ করবে। এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন ১ চিপসেট এবং বিল্ট-ইন ক্যামেরা। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে ভাষা অনুবাদ, ভয়েস কমান্ডে নেভিগেশন এবং স্মার্ট নোট তৈরির সুবিধা পাবেন।

ব্যাটারি লাইফের ক্ষেত্রেও ডিভাইসটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্যামসাংয়ের দাবি, একবার চার্জে এটি সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে এবং চার্জিং কেস থেকে আরও সাতবার সম্পূর্ণ চার্জ দেওয়া যাবে। প্রযুক্তি ও ফ্যাশনের চমৎকার মিশ্রণ ঘটাতে বিখ্যাত ব্র্যান্ড জেন্টল মনস্টার এবং ওয়ারবি পারকারের সঙ্গে যৌথভাবে এর ডিজাইন করা হয়েছে। বাজারে আসার পর মেটার এআই স্মার্ট গ্লাসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে স্যামসাংয়ের এই নতুন ডিভাইস। তবে এর নির্দিষ্ট দাম এবং ভারতের বাজারে আসার সময় সম্পর্কে এখনও কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি।

এজেড