তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
স্মার্টফোন বা ল্যাপটপ চার্জে বসানোর পর সেটিতে হাত দিলে অনেকেরই হালকা কারেন্ট বা শিরশিরানি অনুভূতির অভিজ্ঞতা হয়। বিষয়টিকে অনেকেই সাধারণ বা স্বাভাবিক ভেবে এড়িয়ে যান। তবে প্রযুক্তির ভাষায় এই ধরনের অনুভূতির পেছনে সাধারণত বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার আর্থিংয়ের ত্রুটি কিংবা চার্জারের লিকেজ কারেন্ট দায়ী থাকে।
আরও পড়ুন: মাল্টি-পোর্ট চার্জারে ৬৫ ওয়াট লেখা থাকলেই কি ফোন ফাস্ট চার্জ হয়?
বর্তমানে অনেক চার্জারেই বৈদ্যুতিক গোলযোগ নিয়ন্ত্রণের বিশেষ প্রযুক্তি থাকে, যেখান থেকে সামান্য কারেন্ট বাইরের অংশে অনুভূত হতে পারে। বাড়ির বা সকেটের আর্থিং ঠিক না থাকলে এই কারেন্ট মাটিতে যাওয়ার পথ পায় না, ফলে খালি পায়ে ডিভাইস স্পর্শ করলে শিরশিরানি আরও স্পষ্ট হয়।

টেকনিক্যালি এই লিকেজ কারেন্টের মাত্রা খুব কম হলেও এটিকে পুরোপুরি নিরাপদ ভেবে অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে নিম্নমানের চার্জার, ক্ষতিগ্রস্ত ক্যাবল বা ত্রুটিপূর্ণ সংযোগের কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। যদি ডিভাইস স্পর্শ করার সময় তীব্র ঝটকা লাগে, স্পার্ক দেখা যায়, পোড়া গন্ধ বের হয় বা চার্জার অতিরিক্ত গরম হয়, তবে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা ব্যবহার বন্ধ করতে হবে এবং প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতে হবে।

এই সমস্যা থেকে মুক্তির জন্য সবার আগে বাড়ির বৈদ্যুতিক সংযোগ ও আর্থিং পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। সবসময় আসল বা নির্ভরযোগ্য ব্র্যান্ডের অনুমোদিত চার্জার ব্যবহার করা এবং প্লাগ, কেবল ও সকেট ভালো আছে কি না তা যাচাই করা উচিত। এক্সটেনশন বোর্ড ব্যবহারের ক্ষেত্রেও সেটি সঠিকভাবে আর্থিং সমর্থিত কি না তা নিশ্চিত করতে হবে। এছাড়া বাড়িতে আরসিসিবি বা রেসিডুয়াল কারেন্ট সুরক্ষা ব্যবস্থা যুক্ত করলে বিদ্যুতের লিকেজ শনাক্ত হওয়া মাত্রই সংযোগ বিচ্ছিন্ন হয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এজেড