Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

পুরনো ফোনের ক্যামেরা দিয়ে বানিয়ে নিন ওয়েবক্যাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

ঘরে পড়ে থাকা অব্যবহৃত পুরনো অ্যানড্রয়েড ফোনটিকে ফেলে না রেখে এবার দারুণ একটি কাজে ব্যবহার করতে পারেন। পিসি বা ল্যাপটপের জন্য নতুন করে আলাদা ওয়েবক্যাম কেনার একেবারেই প্রয়োজন নেই। অনেক সময় সাধারণ ল্যাপটপের বিল্ট-ইন ক্যামেরার চেয়ে পুরনো ফোনের ক্যামেরার মান অনেক উন্নত হয়। ফলে যেকোনো অনলাইন মিটিং, ক্লাস বা ভিডিও কলে স্পষ্ট ও উন্নত মানের ফ্রেম পেতে আপনার পুরনো ফোনটিকেই ওয়েবক্যাম হিসেবে সেটআপ করে নিতে পারেন।

এই সুবিধাটি নিতে পিসিতে উইন্ডোজ ১১ বা তার পরবর্তী সংস্করণ এবং ফোনে অ্যানড্রয়েড ১০ বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে। প্রথমে পিসিতে সেটিংস থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশনে যেতে হবে। সেখানে মোবাইল ডিভাইস ক্যাটাগরিতে ঢুকে অ্যাড ডিভাইস সিলেক্ট করতে হবে। তবে কাজ শুরু করার আগে নিশ্চিত করে নিতে হবে যে আপনার পিসি এবং অ্যানড্রয়েড ফোনটি যেন একই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে।

CAM

এরপর পিসির স্ক্রিনে একটি কিউআর কোড ফুটে উঠবে। ফোনে লিংক টু উইন্ডোজ অ্যাপটি খুলে স্ক্রিনের সেই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে। অ্যাপটি যেসব পারমিশন বা অনুমতি চাইবে তা একে একে দিয়ে ফোন ও পিসির কানেকশন নিশ্চিত করতে হবে। সংযোগ সফল হলে পিসির মোবাইল ডিভাইস সেটিংসে গিয়ে সংশ্লিষ্ট ফোনটি বেছে নিতে হবে এবং ইউজ অ্যান কানেক্টেড ক্যামেরা অপশনটি অন করে দিতে হবে।

সেটিংস চালু করার পর আপনার ফোনের ক্যামেরাটি উইন্ডোজ পিসির কাছে একটি রেজিস্টার্ড ক্যামেরা হিসেবে কাজ শুরু করবে। এরপর জুম, মাইক্রোসফট টিমস বা অন্য যেকোনো ভিডিও কলিং অ্যাপে ঢুকে তার সেটিংসের ক্যামেরা অপশন থেকে ফোনটিকে সিলেক্ট করে নিলেই কেল্লাফতে। উইন্ডোজের নিজস্ব ক্যামেরা সেটিংস থেকেও যুক্ত করা ক্যামেরার ফিড পর্যবেক্ষণ ও প্রিভিউ করে দেখা সম্ভব।

আরও পড়ুন: হারানো বা চুরি হওয়া ফোন কোথায় আছে জানার উপায়

ব্যবস্থাপনা নিখুঁত করতে কিছু ছোটখাটো বিষয় খেয়াল রাখা দরকার। ভিডিও কলের সময় ফোনটিকে কোনো ট্রাইপড বা স্ট্যান্ডে ল্যান্ডস্কেপ মোডে বসালে ফ্রেম সবচেয়ে সুন্দর আসে। দীর্ঘসময় ভিডিও কল চললে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হতে পারে, তাই কল চলাকালীন ফোনটিকে চার্জে সংযুক্ত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া কোনো কারণে উইন্ডোজে ভিডিও না দেখা গেলে লিংক টু উইন্ডোজ অ্যাপের ক্যামেরা পারমিশন ঠিক আছে কি না তা পরীক্ষা করে আবার রিকানেক্ট করে নিলেই সমস্যা মিটে যাবে।

এজেড