স্মার্টফোন হারিয়ে গেলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। তবে এ বার অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ গুগলের রয়েছে এমন এক ফিচার, যা দিয়ে আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন সহজে খুঁজে পাওয়া যেতে পারে। ফিচারটি হলো গুগলের ফাইন্ড হাব। এর মাধ্যমে অন্য ফোন বা কম্পিউটার ব্যবহার করেই হারানো ফোনের শেষ লোকেশন খুঁজে পাওয়া যায়। এ ছাড়া হারানো ফোনের অবস্থান দেখা, ফোনে রিং করা বা দূর থেকেই ফোন লক করা সম্ভব।
গুগলের পুরোনো ফাইন্ড মাই ডিভাইস পরিষেবার নতুন নাম ফাইন্ড হাব। এটি গুগল অ্যাকাউন্টের সাহায্যে হারানো অ্যান্ড্রয়েড ফোন খুঁজতে কাজ করে। কিছু ক্ষেত্রে আশপাশের অ্যান্ড্রয়েড ডিভাইসের নেটওয়ার্কও হারানো ফোনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। গুগলের তরফে জানানো হয়েছে, এই নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া অবস্থানের ডেটাকে কাজে লাগিয়ে আপনার হারানো ফোন খুঁজে বের করা সম্ভব হয়। এখানে ব্যবহার করা সব ডেটা এন্ড টু এন্ড এনক্রিপশন হয়, অর্থাৎ বাইরে থেকে কেউ বা কোনো সার্ভার এই ডেটা দেখতে পারবে না।

তবে ফাইন্ড হাবের সুবিধা পেতে হলে আগে থেকেই কয়েকটি বিষয় ফোনের সেটিংসে অন করে রাখতে হবে। প্রথমেই ফোনে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। পাশাপাশি লোকেশন, ব্লুটুথ এবং অ্যালাউ ডিভাইস টু বি লোকেটেড চালু রাখুন। ফাইন্ড হাবের সেটিংসে অফলাইন ফাইন্ডিংয়ের অপশনটি সিলেক্ট করে অন করে রাখতে হবে। ফোনে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড রাখাও জরুরি। তবে ফোনের ব্র্যান্ড অনুযায়ী সেটিংসের নাম কিছুটা আলাদা হতে পারে।
অন্য অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপ খুলুন অথবা কম্পিউটার বা অন্য কোনো ফোনের ব্রাউজার থেকে গুগলের ফাইন্ড হাব ওয়েবসাইটে যান। একই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে হারানো ফোনটির অপশন সিলেক্ট করুন। এ বার ম্যাপে আপনার ফোনের শেষ জানা অবস্থান দেখা যাবে। যদি মনে হয় ফোন কাছাকাছি কোথাও আছে, তবে প্লে সাউন্ড অপশনে ক্লিক করুন। এ ক্ষেত্রে ফোন সাইলেন্ট থাকলেও পাঁচ মিনিট পর্যন্ত রিং বাজানো যাবে।
আরও পড়ুন: নতুন ফোনেও ২৬ বছরের পুরনো প্রযুক্তি! টাইপ-সি পোর্টের আসল সত্য জানুন
ফোন চুরি হয়ে গেলে মার্ক এস লস্ট অপশন ব্যবহার করে সেটি আবার লকও করা যাবে। চাইলে লক স্ক্রিনে যোগাযোগের নম্বরও দিতে পারেন। আর যদি ফোন ফেরত পাওয়ার আশা একেবারেই না থাকে, তবে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। সেটিও এই উপায়ে করা যাবে। তবে এতে ফোনের ডেটা সব ডিলিট হয়ে যাবে এবং একবার ফ্যাক্টরি রিসেট করার পর সাধারণত ফাইন্ড হাব দিয়ে ফোনটির অবস্থান ট্র্যাক করা যায় না। তাই ফোন হারানোর আগেই ফাইন্ড হাবের সেটিংস অন করে রাখুন, যাতে বিপদের সময়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হয়।
এজেড




