Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ফোনের স্ক্রিন হঠাৎ হ্যাং হয়ে যায়? তারপরই শাটডাউন, কী করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম

মোবাইল ফোন হঠাৎ ফ্রিজ হয়ে গিয়ে নিজে থেকে বন্ধ হয়ে যায়? চার্জ থাকা সত্ত্বেও বারবার এমনটা কেন হচ্ছে? কী করবেন? মোবাইল ফোনে স্ক্রল করতে গিয়ে হঠাৎ স্ক্রিন আটকে যায় বা কোনো অ্যাপ কাজ করে না। এমন সমস্যা প্রায়ই অনেকের মোবাইল ফোনে হয়। অনেকের ক্ষেত্রে ফোনের স্ক্রিন ফ্রিজ হয়ে গিয়ে মোবাইল ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আবার ছোটখাটো সফটওয়্যার সমস্যার কারণে এমন হয়, আবার ব্যাটারি বা হার্ডওয়্যারের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। কেন এমন হয় জানেন? কী ভাবেই বা এই সমস্যার সমাধান করবেন?

ফোনের স্টোরেজে প্রায় ভর্তি হয়ে এলে অ্যাপ ঠিকমতো কাজ করতে পারে না। ফলে ফোন স্লো হয়ে গিয়ে হঠাৎ হ্যাং করতে শুরু করে। এরপর সিস্টেম ক্র্যাশ করে ফোন বন্ধও হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, অ্যাপ ও ডাউনলোড করা ফাইল ডিলিট করে স্টোরেজের কিছুটা স্পেস তাই সবসময়ে খালি রাখুন।

অনেকেই একসঙ্গে অনেকগুলো অ্যাপ চালিয়ে রাখেন বা ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে অনেক অ্যাপ চললেও ফোনের র‍্যামের উপর চাপ পড়ে। বিশেষ করে পুরোনো বা কম র‍্যামের ফোনে এটি বেশি হয়। তাই প্রয়োজন নেই এমন অ্যাপ বন্ধ করে দিন এবং ফোনটি নিয়মিত রিস্টার্ট করুন।

display

দীর্ঘক্ষণ গেম খেলা, ভিডিও দেখা, চার্জে রেখে ফোন ব্যবহার করলে অনেক সময়ে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। সে ক্ষেত্রে অনেক সময় কুলিংয়ের জন্য নিরাপত্তার কারণেই ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে। এমন হলে কিছুক্ষণ ফোন ব্যবহার না করে ঠান্ডা হতে দিন। তারপর রিস্টার্ট করে মোবাইল ফোন অন করুন।

ব্যাটারি পুরোনো হয়ে গেলেও এমনটা হতে পারে। এ ক্ষেত্রে ফোনে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নাও হতে পারে। তখন ফোনের চার্জ থাকা সত্ত্বেও আচমকা বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: পাওয়ার ব্যাংক ব্যবহারে সাবধান! ছোট্ট ভুলে হতে পারে বড় বিপদ

বার বার এই সমস্যা হলে পুরোনো অপারেটিং সিস্টেম বা কোনো বাগের কারণেও ফোন ফ্রিজ় হতে পারে। তখন ফোনের সেটিংস থেকে সফটওয়্যার আপডেট রয়েছে কি না দেখে নিন। পাশাপাশি সমস্যাটি কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময়ে হলে সেই অ্যাপটি আপডেট করে নিন বা প্রয়োজনে পুনরায় ইনস্টলও করতে পারেন।

মোবাইল ফোন সাধারণ ফ্রিজিংয়ের সমস্যা হলে উপরের যেকোনো পদ্ধতি কাজে আসতে পারে। তবে কোনো কিছুই কাজ না হলে গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিয়ে ফোনের ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে তার আগে ছবি ও প্রয়োজনীয় ফাইল ব্যাকআপ নিয়ে নিন। ফ্যাক্টরি রিসেটের পরেও ফোন বারবার ফ্রিজ়িং বা হ্যাং করার সমস্যা হলে, তবে অবশ্যই সার্ভিস সেন্টারে দেখানোই ভালো।

এজেড