তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ এএম
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন ডুও’ লঞ্চ হওয়ার পর থেকেই বাজারে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে দারুণ ক্রেজ তৈরি হয়েছে। তবে এই ৩ লাখ টাকার ফোনের চড়া দাম দেখে অনেকে ফোল্ডেবল ফোন কেনার কথা ভেবেও পিছিয়ে আসছেন।
এবার তুলনামূলক কম দামে নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনল শাওমি। ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে তারা নিয়ে এসেছে ‘শাওমি ১৮ ফোল্ড’। গত ৭ সেপ্টেম্বর চিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬-এ ফোনটি প্রথম লঞ্চ করা হয়। এর পাসপোর্টের মতো বুক-স্টাইল ডিজাইন এবং বড় ডিসপ্লে ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে, ফোনটি অ্যাপলের নতুন ফোল্ডেবল ফোনকে শক্ত প্রতিযোগিতার মুখে ফেলবে।
বড় স্ক্রিন ও আকর্ষণীয় ডিসপ্লে
শাওমি ১৮ ফোল্ড-এ রয়েছে ৫.৩৮ ইঞ্চির কভার ডিসপ্লে। ফোনটি খুললেই সামনে আসবে ৭.৫৮ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে। দুটি স্ক্রিনেই ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ফলে ফোনটি ভাঁজ করে সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যায়, আবার খোলার পর ছোট ট্যাবলেটের মতো অভিজ্ঞতা পাওয়া যায়।
শক্তিশালী প্রসেসর
এই ফোনের অন্যতম বড় আকর্ষণ হলো শাওমির নিজস্ব ‘রিং ওথ্রি’ চিপসেট। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এটি ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ কনফিগারেশন দেওয়া হয়েছে। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো কিংবা ভারী কাজের জন্য চমৎকার হার্ডওয়্যার সুবিধা মিলবে।
ক্যামেরা সেটআপ
শাওমির এই ফোল্ডেবল ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ক্যামেরা তৈরিতে লাইকার সঙ্গে যৌথভাবে কাজ করা হয়েছে।
আরও পড়ুন: আইটেল পাওয়ার ৮০: বিশ্বের প্রথম কেইজ-ফ্রেম ডিজাইন করা ফোন এলো
ব্যাটারি ও চার্জিং সুবিধা
ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। শাওমি ১৮ ফোল্ড-এ রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ওয়্যার্ড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ফলে বড় ব্যাটারির এই ফোনটি দীর্ঘসময় ব্যবহারের সুবিধা দেবে।
আইফোনের সঙ্গে মিল কোথায়?
শাওমি ১৮ ফোল্ডের প্রশস্ত ও পাসপোর্ট-স্টাইল ডিজাইনের সঙ্গে অ্যাপলের নতুন আইফোন ডুও-র ডিজাইনের কিছু মিল রয়েছে। অ্যাপলের দাপ্তরিক ফোল্ডেবল ফোনেও ৫.৪ ইঞ্চির আউটার ডিসপ্লে এবং ৭.৬ ইঞ্চির ইনার ডিসপ্লে রাখা হয়েছে।
ভারতে কবে আসবে?
আন্তর্জাতিক বাজারে ফোনটি আসলেও ভারতে এটি কবে থেকে উপলব্ধ হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো ঘোষণা দেয়নি শাওমি। তবে প্রযুক্তিবিদদের একাংশের ধারণা, খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে আসতে পারে।
দাম কত হতে পারে?
টেক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, শাওমি ১৮ ফোল্ডের দাম কমবেশি ১.৫০ লাখ টাকা থেকে শুরু হতে পারে। তবে বেশি স্টোরেজ এবং নির্দিষ্ট মডেলভেদে এই দাম ২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছিও পৌঁছাতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও দাম নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: আইফোনের নতুন ক্যামেরায় কি সত্যিই কোণঠাসা হবে মিররলেস ক্যামেরা?
বড় স্ক্রিন, নিজস্ব প্রসেসর, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা নিয়ে শাওমি ১৮ ফোল্ড ফোল্ডেবল ফোনের বাজারে বড় চমক সৃষ্টি করেছে। বিশেষ করে অ্যাপলের আইফোন ডুও-র ঠিক সমসাময়িক সময়ে লঞ্চ হওয়ায় এই দুই ব্র্যান্ডের প্রতিযোগিতা বাজারকে আরও জমজমাট করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এজেড