Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

পিক্সেল ফোনে বড় নিরাপত্তা আপডেট, ‘জিরো-ক্লিক’ হামলা বন্ধ করল গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেপ্টেম্বর ২০২৬-এর নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে গুগল। নতুন এই আপডেতে পিক্সেল ডিভাইসের ১০০টিরও বেশি নিরাপত্তা দুর্বলতা ঠিক করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সমস্যা ছিল মোবাইল ফোনের সেলুলার মডেমের সঙ্গে যুক্ত, যেটি ব্যবহার করে সীমিত সংখ্যক পিক্সেল ফোনে টার্গেটেড হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে গুগল। 

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই দুর্বলতাটি কাজে লাগাতে ব্যবহারকারীর কোনো ধরনের পদক্ষেপের প্রয়োজন ছিল না; অর্থাৎ কোনো লিংকে ক্লিক না করেই আক্রান্ত ডিভাইসে আক্রমণ চালানো সম্ভব ছিল।

সিভিই-২০২৬-৫৮৭০৪ এবং জিরো-ক্লিক দুর্বলতা

গুগলের প্রকাশিত সেপ্টেম্বর ২০২৬ পিক্সেল আপডেট বুলেটিনে সিভিই-২০২৬-৫৮৭০৪ নামে এই দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে। 

গুগল জানিয়েছে, কোডের একটি লজিক্যাল ত্রুটির কারণে নির্দিষ্ট অনুমতি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল, যার ফলে আক্রমণকারী দূর থেকে ডিভাইসে অতিরিক্ত অ্যাক্সেস পাওয়ার সুযোগ পেতে পারত। সাধারণ ফিশিং বা ম্যালওয়্যার হামলায় ব্যবহারকারীকে লিংকে ক্লিক করতে হলেও এটি ছিল একটি জিরো-ক্লিক দুর্বলতা। ফলে ব্যবহারকারীকে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করতে বা ফাইল খুলতে হয় না বলে ফোনে স্বাভাবিক ব্যবহারের মধ্যেই আক্রমণ ঘটে যেতে পারে এবং ফোন আক্রান্ত হয়েছে কি না তা ব্যবহারকারীর পক্ষে সরাসরি বুঝে ওঠা কঠিন হয়।

pixel

প্যাচ প্রয়োগের নির্দেশ ও আপডেট ইনস্টল করার পরামর্শ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বা সিআইএসএ ফেডারেল সিভিলিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চের সংস্থাগুলোকে এই জিরো-ক্লিক দুর্বলতার প্যাচ প্রয়োগের নির্দেশ দিয়েছে, যার নির্ধারিত সময়সীমা ১৯ সেপ্টেম্বর। 

আরও পড়ুন: ওয়ানপ্লাস ১৬ মডেলের স্পেসিফিকেশন ফাঁস, থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

গুগলের সেপ্টেম্বর ২০২৬ নিরাপত্তা আপডেট ইতিমধ্যেই সমর্থিত পিক্সেল ফোনে পৌঁছতে শুরু করেছে। তাই পিক্সেল ব্যবহারকারীদের দ্রুত ফোনের সফটওয়্যার আপডেট বিভাগে গিয়ে নতুন নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নতুন মডেমে পিক্সেলের পরিবর্তন

এই নিরাপত্তা আপডের ঘটনা এমন সময়ে সামনে এল, যখন গুগল নতুন পিক্সেল ১১ সিরিজ বাজারে এনেছে। এই সিরিজে স্যামসাং-নির্মিত মডেমের পরিবর্তে মিডিয়াটেক মডেম এবং নতুন টেনসর জি৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে নতুন মডেম ব্যবহারের সঙ্গে সেপ্টেম্বরের এই নিরাপত্তা দুর্বলতার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে বলে গুগল জানায়নি, কারণ সিভিই-২০২৬-৫৮৭০৪-এর সমস্যাটি পুরনো পিক্সেল ডিভাইসের সেলুলার মডেম-সংক্রান্ত দুর্বলতা হিসেবেই নিরাপত্তা বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

এজেড