তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম
টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু করেছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা কীভাবে গ্রামীণফোনের নির্ভরযোগ্য ও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের ডিজিটাল জীবনকে আরও সমৃদ্ধ করছেন, তা তুলে ধরাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
নেটওয়ার্ক সক্ষমতা ও মানোন্নয়নে গ্রামীণফোনের ধারাবাহিক বিনিয়োগের ওপর ভিত্তি করে শুরু হওয়া ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট' ক্যাম্পেইনটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতার মাধ্যমে সারাদেশের মানুষকে ডিজিটাল বিশ্বের সুযোগ-সুবিধার সাথে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। দ্রুতগতির মানসম্পন্ন ইন্টারনেট কীভাবে মানুষকে একসূত্রে যুক্ত করে শেখা, সৃষ্টি, যোগাযোগ, আয় এবং নিজের ভাবনা প্রকাশে সহায়তা করছে তা এই ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরা হবে। তরুণ প্রজন্ম, কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা এবং সমাজের নানাস্তরের মানুষের জীবনের গল্পের মধ্য দিয়ে দেখা যাবে, কীভাবে ইন্টারনেট সংযোগ দেশজুড়ে সুযোগ, সৃজনশীলতা, প্রবৃদ্ধি এবং ডিজিটাল মত প্রকাশের পথ তৈরি করে দিচ্ছে।
গ্রামীণফোনের উন্নত ইন্টারনেট অভিজ্ঞতার পেছনে রয়েছে নেটওয়ার্ক সক্ষমতা, কভারেজ ও প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক বিনিয়োগ। গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও দেখা হয়, যা প্রায় ৪০ বছর ধরে একটানা ভিডিও দেখার সমান। এই পরিসংখ্যান গ্রাহকদের মধ্যে ভিডিও দেখার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে, প্রতিষ্ঠানটির লোকাল এজ ক্যাশিং প্রযুক্তি গ্রাহকদের জন্য জনপ্রিয় কনটেন্ট আরও দ্রুত লোড হতে সহায়তা করে। পাশাপাশি, দেশজুড়ে ২৪ হাজারেরও বেশি টাওয়ারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যাপক কভারেজ ও শক্তিশালী সংযোগ নিশ্চিত করে এই ইন্টারনেট অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করছে।
আরও পড়ুন: ফোন চার্জ করার সময় এই ১০টি ভুল করা যাবে না
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, ‘বাংলাদেশের কোটি মানুষের হাত ধরে এগিয়ে চলেছে ইন্টারনেটের নতুন গল্প। শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর কিংবা তরুণ উদ্যোক্তা—প্রত্যেকেই ডিজিটাল সংযোগের এই শক্তিকে ব্যবহার করছেন নিজেদের মতো করে, যা দেশের অগ্রগতিতে এক অনন্য ভূমিকা রাখছে। সিলেটে যখন কেউ অনলাইনে ক্লাসে যোগ দেন, রাজশাহীর কোনো দোকানদার যখন লাইভে এসে পণ্য বিক্রি করেন, কিংবা ঢাকার কোনো তরুণ যখন তার প্রথম ভিডিওটি পোস্ট করেন—ঠিক তখনই সার্থকতা পায় গ্রামীণফোনের এই পথচলা।’
তিনি আরও বলেন, ‘১বাংলাদেশ ১ইন্টারনেট’-এর মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই, এদেশের ডিজিটাল অগ্রযাত্রার গল্পটি সবার। আর এই গল্পে কেউ যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। কারণ, এই নেটওয়ার্ক আমাদের সবার; আর এই গল্পটি বাংলাদেশের। আজ আমাদের নেটওয়ার্কের ৫০ শতাংশের বেশি ডেটা ব্যবহৃত হচ্ছে ভিডিও স্ট্রিমিং-এ। আর এই প্রতিটি ভিডিও দেখার পেছনে লুকিয়ে আছে কারো শেখার গল্প, কারো আয়ের মাধ্যম কিংবা জীবনকে আরও পরিপূর্ণভাবে উপভোগ করার প্রয়াস। এমনই এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
এজেড