তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম
আমাদের বেশিরভাগেরই ফোন একপাশে রেখে দেওয়ার পরেও মোবাইল ডেটা সবসময় চালু রাখার অভ্যাস রয়েছে। স্ক্রিন বন্ধ থাকলেই ফোন আর কোনও কাজ করে না—অনেকেরই এমন ভুল ধারণা রয়েছে। কিন্তু এই ছোট্ট অভ্যাসটি কীভাবে আপনার দামি স্মার্টফোন এবং ডেটা প্যাক—দুইয়েরই ক্ষতি করছে, তা আজ বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোবাইল ডেটা সবসময় চালু থাকলে ফোনের নেটওয়ার্ক অ্যান্টেনা এবং ট্রান্সমিটার চব্বিশ ঘণ্টাই সচল মোডে কাজ করতে থাকে। এর ফলে স্ক্রিন বন্ধ থাকলেও ব্যাটারি দ্রুত শেষ হতে শুরু করে। বারবার ব্যাটারি চার্জ করতে হওয়ায় ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়। ফোনের ডেটা সচল থাকলেই একাধিক সামাজিক মাধ্যম এবং কেনাকাটার অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। অজান্তে হওয়া অ্যাপ আপডেট, বার্তা সিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হওয়া বিজ্ঞাপনের কারণে আপনার প্রতিদিনের ডেটা প্যাক ব্যবহার না করলেও দ্রুত শেষ হয়ে যেতে পারে।

ইন্টারনেট চব্বিশ ঘণ্টা চালু থাকায় ফোনের প্রসেসর এবং র্যাম এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেয় না। ক্রমাগত তথ্যের আদান-প্রদান চলতে থাকায় ডিভাইস ধীরে ধীরে গরম হতে শুরু করে। ফোন সবসময় গরম থাকলে ভেতরের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হতে পারে এবং ফোন হ্যাং করার প্রবণতাও বাড়ে। অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপসগুলো আপনার সম্পূর্ণ ডেটা শেষ করে দেয়। আপনি যখন বাইরে থাকেন এবং অনলাইন পেমেন্ট বা গুরুত্বপূর্ণ কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়, তখন ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়তে পারেন। এই ছোট্ট ভুলটি গুরুত্বপূর্ণ সময়ে বড় বিপদের কারণ হতে পারে।
আরও পড়ুন: ফোন চার্জ করার সময় এই ১০টি ভুল করা যাবে না
ডেটা চালু থাকার কারণে সামাজিক মাধ্যম, গেমিং অ্যাপ এবং বিভিন্ন খবরের অ্যাপের শত শত বিজ্ঞপ্তি ক্রমাগত ফোনে আসতে থাকে। রাতেরবেলা ঘুমের সময় বা অফিসের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ফোনের বারবার শব্দ বা কম্পন আপনার মনোযোগ নষ্ট করে এবং মানসিক চাপ বাড়াতে পারে। আপনি যখন ফোন ব্যবহার করছেন না বা ঘুমাতে যাচ্ছেন, তখন অবশ্যই মোবাইল ডেটা বন্ধ করে দিন। পাশাপাশি ফোনের ব্যাকগ্রাউন্ড ডেটা রেস্ট্রিকশন সেটিং চালু করুন এবং প্রয়োজন না থাকলে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোর বিজ্ঞপ্তি বন্ধ রাখুন। এতে ডেটা এবং ব্যাটারি—দুইই অনেকটা সাশ্রয় হবে।
এজেড