তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম
চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমারেখা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করার পর প্ল্যাটফর্মটিতে আনা এই বিশাল আপডেটের আওতায় ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে ‘জিপিটি-৫.৬ লুনা’, যার মাধ্যমে আগামী সপ্তাহ থেকে মিলবে আনলিমিটেড টেক্সট চ্যাট ও নতুন ‘থিংক’ বাটন ব্যবহারের সুবিধা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা মডেলটি ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে চালু হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে। চলতি সপ্তাহ থেকেই নতুন মডেল উন্মুক্ত করা শুরু হবে। আর আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন ব্যবহার করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, ‘থিংক’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে বলতে পারবেন। তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের বর্তমান সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা
প্লাস ও প্রো গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সল (GPT-5.6 Sol) নামে আরও উন্নত একটি মডেল চালু করছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলটি দৈনন্দিন বিভিন্ন কাজ—যেমন প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আরও দ্রুত, সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য ফল দেবে।
আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?
এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন ‘থিংকিং স্লাইডার’ সুবিধাও পাবেন। এর মাধ্যমে কাজের জটিলতা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। ওপেনএআই আরও জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স (Codex) এবং ওয়ার্ক (Work) পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।
নির্ভুলতা বেড়েছে
ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলোর তথ্যগত নির্ভুলতা আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।
এজেড