জরুরি প্রয়োজনে বা ভ্রমণের সময় হাতের কাছে আইফোনের নিজস্ব চার্জার না থাকলে অনেকেই অ্যানড্রয়েড ফোনের টাইপ সি কেবল দিয়ে আইফোন চার্জ দিয়ে থাকেন। তবে এই কাজটি করার সময় অনেকের মনেই সংশয় কাজ করে, অ্যানড্রয়েডের কেবল ব্যবহার করলে কি আইফোনের চার্জিং পোর্ট নষ্ট হয়ে যাবে? কিংবা ব্যাটারির স্বাস্থ্য দ্রুত খারাপ হয়ে যাবে? আসলে অ্যানড্রয়েডের কেবল দিয়ে আইফোন চার্জ করলে কী হয়, তা নিয়ে বিস্তারিত জানিয়েছে অ্যাপল।
ব্যবহারকারীদের সাধারণ দুশ্চিন্তা
প্রায় প্রতিটি অফিস বা বাড়িতেই এখন অ্যানড্রয়েডের টাইপ সি চার্জার পাওয়া যায়। অনেকে আইফোন চার্জ দেওয়ার সময় ভয় পান যে, অ্যানড্রয়েডের উচ্চ ওয়াটের চার্জার ব্যবহার করলে আইফোনের মাদারবোর্ডে শর্ট সার্কিট হবে কি না বা ফোনের চার্জিং পোর্ট পুড়ে যাবে কি না। এই ভীতি থেকে অনেক সময় ব্যাটারি একেবারে শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা অন্যের অ্যানড্রয়েড কেবল ব্যবহার করতে চান না। বরং অ্যাপলের নিজস্ব কেবলের খোঁজে তারা মরিয়া হয়ে ওঠেন।
অ্যাপল কী বলছে?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ভালো মানের ব্র্যান্ডেড অ্যানড্রয়েড টাইপ সি কেবল দিয়ে আইফোন চার্জ করলে ফোনের কোনো ক্ষতি হয় না। অ্যাপল তাদের অফিসিয়াল গাইডলাইনেও স্পষ্ট করেছে যে, ব্যবহারকারীরা নিশ্চিন্তে যেকোনো স্ট্যান্ডার্ড বা স্বীকৃত ব্র্যান্ডের টাইপ সি কেবল দিয়ে আইফোন চার্জ করতে পারেন।
স্মার্ট পাওয়ার ডেলিভারি সিস্টেম
আইফোন এবং টাইপ সি চার্জারের মধ্যে একটি 'স্মার্ট পাওয়ার ডেলিভারি সিস্টেম' কাজ করে। কেবল সংযুক্ত করার সাথে সাথেই চার্জার এবং ফোনের মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং আইফোন ঠিক যতটুকু বিদ্যুৎ প্রয়োজন, ততটুকুই গ্রহণ করে। তাই চার্জারের ওয়াট বেশি হলেও অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে ফোনের ক্ষতির আশঙ্কা থাকে না।

অ্যানড্রয়েড কেবলের বাড়তি সুবিধা
আইফোনের বক্সে যে কেবল দেওয়া হয়, সেটি সাধারণত ইউএসবি ২.০ স্ট্যান্ডার্ডের, যার ডেটা ট্রান্সফার গতি তুলনামূলক কম। অন্যদিকে, অ্যানড্রয়েডের অনেক ফ্ল্যাগশিপ ফোনের 'ফুললি ফিচারড' টাইপ সি কেবলে ২৪টি পিন সক্রিয় থাকে। এই ধরনের কেবল ব্যবহার করলে কেবল চার্জই নয়, বরং দ্রুত ডেটা ট্রান্সফার, ফোর কে ডিসপ্লে আউটপুট এবং এক্সটারনাল এসএসডিতে সরাসরি ভিডিও রেকর্ডিংয়ের মতো সুবিধাও পাওয়া সম্ভব।
আরও পড়ুন: স্মার্টফোনে কভার ব্যবহার করা কি ঠিক?
সতর্কতা
তবে সব ধরনের কেবল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। রাস্তার ধারে বিক্রি হওয়া সস্তা, লোকাল বা নামহীন ব্র্যান্ডের কেবল ব্যবহার করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। নিম্নমানের এই কেবলগুলোতে ভোল্টেজের ওঠানামা হতে পারে, যা দীর্ঘমেয়াদে ফোনের চার্জিং পোর্টের ক্ষতি করার ঝুঁকি তৈরি করে।
এজেড



