তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১০:০১ এএম
আমাদের প্রাত্যহিক জীবনের অন্যতম অপরিহার্য সঙ্গী স্মার্টফোন। সকাল থেকে রাত পর্যন্ত কাজের পাশাপাশি ফ্যাশনের অংশ হিসেবেও ফোন ব্যবহার করা হয়। অনেকেই ফোনের সৌন্দর্য বাড়াতে বা সুরক্ষার জন্য নানা ধরনের কভার বা ব্যাক শেল ব্যবহার করেন। তবে এই সাধারণ কভারের আড়ালেই ফোনের জন্য লুকিয়ে থাকে বড় ধরনের বিপদ। ফোন ভালো রাখতে কভার ব্যবহার করা আদতে ঠিক কি না, তা নিয়েই রয়েছে নানা সতর্কতা।

স্মার্টফোন গরম হয়ে যাওয়া একটি খুব সাধারণ সমস্যা, যা অ্যানড্রয়েড হোক কিংবা আইফোন—সব ডিভাইসেই দেখা যায়। যত দ্রুত ফোনের ব্যাটারি শেষ হয়, ফোন তত দ্রুত গরম হতে শুরু করে। এই সমস্যা সমাধানের জন্য প্রায় সব ফোনেই বিশেষ প্রযুক্তি থাকে, যার মাধ্যমে ভেতরের তাপ বাইরে বেরিয়ে আসে। কিন্তু ব্যবহারকারীরা যখনই ফোনে ব্যাক কভার লাগান, তখন সেই তাপ সহজে বের হতে পারে না। বিশেষ করে কভারটি ভারী বা মোটা হলে এই সমস্যা আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ব্যাক কভার আটকে থাকার কারণে ফোন থেকে সঠিকভাবে তাপ বের হতে পারে না। এই অতিরিক্ত গরম হওয়ার কারণে স্মার্টফোনের ভেতরের নানা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি অনেক সময় ফোনের স্ক্রিনে গ্রিন লাইন বা সবুজ রেখাও দেখা যেতে পারে। অতিরিক্ত তাপের ফলে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানা জটিলতা শুরু হয় এবং ক্যামেরার ওপরেও এর খারাপ প্রভাব পড়ে। তাই কভার ছাড়া ফোন ব্যবহার করা সবচেয়ে ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: যে কারণে ফোনে কভার ব্যবহার করবেন না

তবে কভার পুরোপুরি বাদ দিলে ফোন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে। এই কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, সবসময় একদম হালকা ও পাতলা ফোন কভার ব্যবহার করা উচিত। পাশাপাশি, যখনই গেম খেলবেন কিংবা ফোন চার্জে দেবেন, সেই সময় অবশ্যই ফোনের কভার খুলে রাখা ভালো।
এজেড