Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আসছে নতুন চ্যাট বাবল ডিজাইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও আধুনিক করতে আইফোন বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপের চ্যাট বাবলের নকশায় আসছে নতুনত্ব।

প্রতিষ্ঠানটি বর্তমানে আইফোন অ্যাপে নতুন ডিজাইনের মেসেজ বাবল পরীক্ষা করছে। এই পরিবর্তনের ফলে আগের চ্যাট বাবলগুলোর তুলনায় নতুন বাবলগুলো অধিকতর গোলাকার এবং মসৃণ দেখাবে। অ্যাপলের মেসেজিং অ্যাপ বা আইমেসেজের আদলে এই নতুন ইন্টারফেসটি তৈরি করা হয়েছে, যা অ্যাপলের আধুনিক নকশা বা লিকুইড গ্লাস ডিজাইনের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।

নতুন এই আপডেটের একটি বড় দিক হলো ছবি, ভিডিও এবং জিআইএফ (GIF) ফাইলের প্রদর্শন। এতদিন এই ফাইলগুলো একটি নির্দিষ্ট সীমানা বা বর্ডারের ভেতরে প্রদর্শিত হতো। কিন্তু নতুন ডিজাইনে এই সীমানা আর থাকবে না। বর্ডারবিহীন এই মিডিয়া ফাইলগুলো চ্যাটিংয়ে বাড়তি স্বচ্ছলতা ও আধুনিক চেহারা যোগ করবে।

আরও পড়ুন: এক ফোনে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর নিয়ম

বর্তমানে এই নতুন ইন্টারফেসটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট আইফোন বিটা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে, যারা টেস্টফ্লাইট অ্যাপের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছেন। সাধারণ ব্যবহারকারীরা যারা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের নিয়মিত সংস্করণ ব্যবহার করেন, তাদের কাছেও খুব দ্রুত এই পরিবর্তনটি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

তবে এই নতুন ডিজাইনটি কবে নাগাদ সবার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে বিটা সংস্করণটি এরই মধ্যে পরীক্ষামূলক পর্যায়ে থাকায়, খুব শিগগিরই সব আইফোন ব্যবহারকারী এই নতুন ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

এজেড