তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ মে ২০২৬, ১০:২৩ এএম
এই ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর এই ফোন সচল রাখার মূল চাবিকাঠি হলো সিম কার্ড। প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে এখন যোগাযোগের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। কয়েক বছর আগেও যেখানে প্লাস্টিকের ফিজিক্যাল বা সাধারণ সিম কার্ডের কোনো বিকল্প ছিল না, সেখানে এখন জনপ্রিয় হয়ে উঠছে ই-সিম (eSIM)। বিশেষ করে অনেক প্রিমিয়াম স্মার্টফোন থেকে এখন ফিজিক্যাল সিমের স্লটই বাদ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্তিতে পড়েন যে নিজের অ্যানড্রয়েড ফোনের জন্য কোনটি বেছে নেওয়া বেশি নিরাপদ ও সেরা হবে।
আরও পড়ুন: সিম কার্ড কী? কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
ই-সিম ও ফিজিক্যাল সিমের মূল পার্থক্য
ফিজিক্যাল সিম ও ই-সিমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি হলো এদের গঠনে। ফিজিক্যাল সিমের ক্ষেত্রে একটি প্লাস্টিকের চিপ বা কার্ড মোবাইল ফোনের নির্দিষ্ট স্লটে প্রবেশ করাতে হয়। অন্যদিকে ই-সিমের জন্য আলাদা কোনো স্লট বা কার্ডের প্রয়োজন পড়ে না। এটি ফোনের ভেতরেই একটি বিল্ট-ইন বা এমবেডেড চিপ হিসেবে থাকে, যেখানে অনলাইনের মাধ্যমে নেটওয়ার্ক ক্রেডেনশিয়াল বা তথ্য ডাউনলোড করে নিতে হয়। এছাড়া অপারেটর পরিবর্তনের ক্ষেত্রে ফিজিক্যাল সিম খুলে নতুন সিম ঢোকাতে হয়, কিন্তু ই-সিমের ক্ষেত্রে ঘরে বসেই পুরোনো তথ্য মুছে নতুন নেটওয়ার্ক প্রোফাইল ডাউনলোড করে নেওয়া যায়।

নিরাপত্তার দিক থেকে এগিয়ে ই-সিম
নিরাপত্তার কথা বিবেচনা করলে ফিজিক্যাল সিমের চেয়ে ই-সিম অনেক বেশি নির্ভরযোগ্য। সাধারণ সিম কার্ড অনেক সময় ফোন থেকে চুরি হয়ে যাওয়ার বা অন্য কেউ খুলে নেওয়ার ঝুঁকি থাকে। এমনকি সিম সোয়াপিং বা ডুপ্লিকেট সিম বানিয়ে জালিয়াতির ঘটনাও অহরহ ঘটছে। ই-সিমের ক্ষেত্রে এই ধরনের কোনো আশঙ্কা নেই, কারণ এটি ফোন থেকে খুলে ফেলা অসম্ভব। এছাড়া এটি সরাসরি হ্যান্ডসেটের আইএমইআই নম্বরের সাথে যুক্ত থাকায় ফোনের সার্বিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলে।

ব্যবহারিক সুবিধা ও কিছু সীমাবদ্ধতা
ব্যবহারের সুবিধার দিক থেকেও ই-সিম বেশ স্বাচ্ছন্দ্যদায়ক। বিশেষ করে যারা ঘন ঘন বিভিন্ন দেশে ভ্রমণ করেন, তাদের জন্য বারবার সিম কার্ড কেনার ঝামেলা থাকে না। যেকোনো অপারেটরের সার্ভিস অনলাইনেই অ্যাক্টিভেট করে নেওয়া যায়। তবে সুবিধার পাশাপাশি ই-সিমের একটি বড় সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমান বাজারের সব স্মার্টফোনে এখনও ই-সিম ব্যবহারের প্রযুক্তি যুক্ত করা হয়নি। ফলে বাজেট বা মাঝারি সীমার অনেক অ্যান্ড্রয়েড ফোনে বাধ্য হয়ে ব্যবহারকারীকে ফিজিক্যাল সিমের ওপরই নির্ভর করতে হয়। তবে প্রযুক্তির যেভাবে অগ্রগতি হচ্ছে, তাতে আগামী দিনে ই-সিমই চ্যাট ও যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এজেড