তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ মে ২০২৬, ১০:১৯ এএম
তীব্র গরমে স্বস্তির নাম এয়ার কন্ডিশনার (এসি)। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের টেনশনে অনেকেরই কপালে ভাঁজ পড়ে। এই সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান হতে পারে সোলার প্যানেল সিস্টেম। একবার সোলার প্যানেল ইনস্টল করলে দীর্ঘ সময় প্রায় নিখরচায় বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে এসি চালানোর জন্য কত ক্ষমতার সোলার প্যানেল প্রয়োজন এবং এর খরচ কেমন, তা নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই।

এসি চালানোর জন্য কত কিলোওয়াট সোলার প্রয়োজন?
সাধারণত মধ্যবিত্ত পরিবারগুলোতে ১.৫ টনের এসি বেশি ব্যবহৃত হয়। ১.৫ টনের একটি এসির পাশাপাশি ঘরে ফ্যান, লাইট, টিভি ও ফ্রিজের মতো প্রয়োজনীয় যন্ত্রগুলো নিরবচ্ছিন্নভাবে চালাতে চাইলে অন্তত ৩ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম লাগানো উচিত। ৩ কিলোওয়াটের এই সিস্টেমে সাধারণত ৫ থেকে ৮টি সোলার প্যানেল প্রয়োজন হয়।

এসি বা ফ্রিজের মতো ভারী যন্ত্র চালানোর জন্য শক্তিশালী ও স্থিতিশীল বিদ্যুতের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ‘অন-গ্রিড সোলার সিস্টেম’ সবচেয়ে কার্যকর। এই ব্যবস্থায় দিনের বেলা সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে ঘরের সব সরঞ্জাম চলে। যদি প্রয়োজন হয় তবে সরাসরি গ্রিডের বিদ্যুৎও ব্যবহার করা যায়। আবার অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে জমা রাখার সুযোগ থাকে, যা রাতে বা মেঘলা দিনে সমন্বয় করা সম্ভব। এতে ব্যাটারির বাড়তি ঝামেলা ও খরচ কমে যায় এবং এসি চালানো সহজ হয়।
আরও পড়ুন: সোলার দিয়ে কি এসি চালানো যায়?

সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক খরচ একটু বেশি মনে হলেও, দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত লাভজনক। ভালো মানের সোলার প্যানেল ও ইনভার্টার ব্যবহার করলে পরবর্তী ২০ থেকে ২৫ বছর বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। এছাড়া সরকারি বিভিন্ন ভর্তুকি ও সহজ কিস্তির সুবিধা গ্রহণ করলে এই খরচ আরও কমিয়ে আনা সম্ভব। সঠিক পরিকল্পনার মাধ্যমে বাড়ির ছাদে সোলার সিস্টেম বসালে একদিকে যেমন পরিবেশ রক্ষা পায়, অন্যদিকে বিদ্যুৎ বিল নেমে আসে শূন্যের কোঠায়।
এজেড