তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ মে ২০২৬, ০৯:২৭ এএম
ডিজিটাল এই যুগে ইয়ারবাডস আর শুধু গান শোনার গ্যাজেট নয়। এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং, শরীরচর্চার সময় গান শোনা কিংবা গেমিং, সব ক্ষেত্রেই এর ব্যবহার ব্যাপক। তবে বাজারে সস্তা থেকে দামী অসংখ্য অপশন থাকায় সঠিকটি বেছে নিতে অনেকেই বিভ্রান্ত হন। তাই ব্র্যান্ডের নাম বা বাহ্যিক চাকচিক্য দেখে সিদ্ধান্ত না নিয়ে একজন স্মার্ট ক্রেতা হিসেবে আপনার কিছু জরুরি বিষয় জেনে নেওয়া প্রয়োজন।
ইয়ারবাডস কেনার প্রথম এবং প্রধান শর্ত হলো সাউন্ড কোয়ালিটি। আপনি যদি মিউজিকপ্রেমী হন, তবে কেনার আগে দেখে নিন এর বেস যেন সামঞ্জস্যপূর্ণ হয়। ভোকাল বা কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাওয়া এবং ফুল ভলিউমেও শব্দ বিকৃত না হওয়া একটি ভালো মানের ইয়ারবাডসের লক্ষণ।
এছাড়া আপনি যদি ট্রেন, বাস বা ভিড়ের মধ্যে নিয়মিত যাতায়াত করেন, তবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার আছে কি না যাচাই করে নিন। এই প্রযুক্তি বাইরের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে আপনাকে দেবে এক শান্ত ও স্বচ্ছ শোনার অভিজ্ঞতা।

ব্যাটারি ব্যাকআপের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণের সময় হঠাৎ চার্জ শেষ হয়ে গেলে পুরো আনন্দই মাটি হয়ে যায়। তাই এমন ইয়ারবাডস বেছে নিন যা একবার চার্জে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা এবং চার্জিং কেসসহ সব মিলিয়ে ২০ থেকে ২৫ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলে তা আপনার সময় বাঁচাবে এবং অল্প চার্জেই দীর্ঘক্ষণ ব্যবহারের সুবিধা দেবে।
কানেক্টিভিটির জন্য ইয়ারবাডসে লেটেস্ট ব্লুটুথ ভার্সন ৫.২ বা তার বেশি থাকা বাঞ্ছনীয়। এটি স্থিতিশীল কানেকশন দেওয়ার পাশাপাশি ব্যাটারিও কম খরচ করে। যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য ‘লো লেটেন্সি’ মোড থাকা জরুরি, যাতে শব্দের সাথে দৃশ্যের কোনো পার্থক্য না থাকে। এছাড়া ইয়ারবাডসটি কানে কতটুকু আরামদায়কভাবে বসছে সেটিও দেখে নিন। কারণ দীর্ঘ সময় ব্যবহারের জন্য এটি পানি ও ঘাম নিরোধক (IP rating) হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: ওয়াইফাই রাউটারের পাশে যেসব যন্ত্রপাতি ভুলেও রাখবেন না
সবশেষে যারা কল করার জন্য বেশি ইয়ারবাডস ব্যবহার করেন, তাদের মাইক্রোফোনের কোয়ালিটির দিকে বিশেষ নজর দিতে হবে। নয়েজ রিডাকশন মাইক বা ইএনসি নিশ্চিত করে যে চারপাশে শব্দ থাকলেও আপনার কথা অপর প্রান্তে থাকা ব্যক্তিটি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না। এই বিষয়গুলো মাথায় রেখে বাজেট অনুযায়ী ইয়ারবাডস কিনলে আপনার বিনিয়োগ সার্থক হবে।
এজেড