images

তথ্য-প্রযুক্তি

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে শক্তিশালী ব্যাটারি ও উন্নত প্রযুক্তির নতুন হ্যান্ডসেট ‘এজ ৭০ প্রো’ (Motorola Edge 70 Pro) উন্মোচন করেছে মটোরোলা। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। তিনটি ভিন্ন রঙে বাজারে আসা এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।

ভারতীয় বাজারে মটোরোলা এজ ৭০ প্রো-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৮ হাজার ৯৯৯  ‍রুপি। অন্যদিকে, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৪১ হাজার ৯৯৯ রুপি। আগামী ২৯ এপ্রিল থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ও ফ্লিপকার্টে ফোনটি কেনা যাবে। বিশেষ লঞ্চ অফার হিসেবে নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করলে ক্রেতারা ২ হাজার রুপির তাৎক্ষণিক ছাড় পাবেন।

gsmarena_003

ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস ৫২০০ নিটস, যা সরাসরি রোদেও পরিষ্কার ভিউ নিশ্চিত করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম প্রসেসর। ফোনটিকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখতে এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার মূল সেন্সরে ওআইএস (OIS) প্রযুক্তি রয়েছে। সেলফি তোলার জন্য সামনেও ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী সেন্সর। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য বক্সে পাওয়া যাবে ৯০ ওয়াটের টার্বোপাওয়ার ফাস্ট চার্জার।

আরও পড়ুন: গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

মটোরোলার এই ফোনটি আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংপ্রাপ্ত, যা একে পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা দেবে। এছাড়া কোম্পানিটি তিন বছরের ওএস (OS) আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা দিয়েছে। ওয়ানপ্লাস ১৩আর এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৫-এর মতো জনপ্রিয় ফোনগুলোর সঙ্গে বাজারে সরাসরি প্রতিযোগিতা করবে এই হ্যান্ডসেটটি।

এজেড