তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
আধুনিক প্রযুক্তির এসি কেনার সময় অনেকেই 'Auto Clean' ফিচারের ওপর বাড়তি গুরুত্ব দেন। অনেকের ধারণা, এই ফিচার থাকলে হয়তো এসি আর আলাদা করে পরিষ্কার বা সার্ভিসিং করার প্রয়োজন পড়বে না। তবে প্রযুক্তির এই সুবিধার যেমন গুণ আছে, তেমনি রয়েছে কিছু সীমাবদ্ধতাও। অটো ক্লিন ফিচার আসলে কীভাবে কাজ করে এবং কেন নিয়মিত ম্যানুয়াল সার্ভিসিং জরুরি, তা নিচে আলোচনা করা হলো।
অটো ক্লিন ফিচার আসলে কী?
নাম শুনে মনে হতে পারে এটি এসিকে ভেতর থেকে ধুয়ে-মুছে পরিষ্কার করে দেয়, কিন্তু বিষয়টি তেমন নয়। অটো ক্লিন হলো মূলত একটি 'ড্রাইং প্রসেস' বা শুকানোর প্রক্রিয়া। এসি চলার সময় এর ভেতরে আর্দ্রতা বা জলীয় কণা জমে থাকে। এই ভেজা ভাব থেকে ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাস জন্ম নেয়, যা থেকে ঘর দুর্গন্ধযুক্ত হতে পারে। অটো ক্লিন মোড চালু করলে এসির কম্প্রেসর বন্ধ হয়ে শুধু ব্লোয়ার ফ্যান চলে, যা ভেতরের কয়েলগুলোকে বাতাস দিয়ে শুকিয়ে ফেলে। ফলে দুর্গন্ধ ও জীবাণু দূর হয়।
কেন এটি সার্ভিসের বিকল্প নয়?
অটো ক্লিন ফিচার সুবিধাজনক হলেও এটি পুরোপুরি এসির ময়লা পরিষ্কার করতে পারে না। এর কিছু প্রধান সীমাবদ্ধতা হলো-
ধুলা-ময়লা দূর হয় না: এটি আর্দ্রতা শুকাতে পারে, কিন্তু ফিল্টার বা কয়েলে জমে থাকা ধুলোর আস্তরণ পরিষ্কার করতে পারে না।
ফিল্টার পরিষ্কার: এসির ফিল্টারগুলো অন্তত ১৫ দিন অন্তর নিজেকেই পরিষ্কার করতে হয়, যা অটো ক্লিন ফিচারের পক্ষে সম্ভব নয়।

আউটডোর ইউনিট: এই ফিচারটি শুধুমাত্র ইনডোর ইউনিটে কাজ করে। বাইরের ধুলোবালি ও ময়লা জমে থাকা আউটডোর ইউনিট পরিষ্কারে এর কোনো ভূমিকা নেই।
ড্রেন পাইপ: এসির জল বের হওয়ার পাইপ বা ড্রেন লাইনে ময়লা জমলে এই ফিচারের মাধ্যমে তা সরানো যায় না।
নিয়মিত সার্ভিসিং না করালে ঝুঁকি
অটো ক্লিন ফিচারের ওপর শতভাগ নির্ভর করে সার্ভিসিং এড়িয়ে গেলে এসির কার্যক্ষমতা কমে যায়। এতে বিদ্যুৎ বিল যেমন বাড়তে পারে, তেমনি যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়।
আরও পড়ুন: এসি কততে চালালে বিদ্যুৎ বিল বাঁচবে ৩০ শতাংশ পর্যন্ত?
অটো ক্লিন ফিচারকে শুধুমাত্র দুর্গন্ধ কমানোর একটি অতিরিক্ত সুবিধা হিসেবে দেখা উচিত। এসিকে দীর্ঘস্থায়ী এবং নিরাপদ রাখতে নির্দিষ্ট সময় পরপর দক্ষ টেকনিশিয়ান দিয়ে ম্যানুয়াল সার্ভিসিং করানোর কোনো বিকল্প নেই।
এজেড