তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম
তীব্র গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান আমাদের প্রধান ভরসা। বাজারে বর্তমানে ১ থেকে শুরু করে ৫ বা ৬ ব্লেডের ফ্যানও পাওয়া যায়। তবে সাধারণ গ্রাহকদের মনে প্রায়ই প্রশ্ন জাগে—ব্লেড বেশি হলেই কি হাওয়া বেশি হয়? নাকি এতে বিদ্যুৎ বিল বেশি আসে? আপনার ঘরের আয়তন অনুযায়ী কোনটি সেরা এবং কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন, তা নিয়ে এই প্রতিবেদন।
১ ব্লেডের ফ্যান: এই ধরনের ফ্যান সচরাচর বাড়িতে দেখা যায় না। এর বিশেষত্ব হলো এটি বাতাসকে চারদিকে না ছড়িয়ে নির্দিষ্ট একটি দিকে কেন্দ্রীভূত করে পাঠায়। মূলত শিল্পকারখানা ও বাণিজ্যিক ক্ষেত্রে এর ব্যবহার বেশি।
২ ব্লেডের ফ্যান: এগুলো খুব বেশি হাওয়া দেয় না। তাই ছোট ঘরের জন্য ২ ব্লেডের ফ্যান উপযুক্ত বলে মনে করা হয়।

৩ ব্লেডের ফ্যান: ঘরোয়া ব্যবহারের জন্য এটিই সবচেয়ে জনপ্রিয় এবং আদর্শ। এই ফ্যানগুলো চারদিকে সমানভাবে বাতাস ছড়িয়ে দেয় এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয়। মাঝারি আকারের ঘরের জন্য ৩ ব্লেডের ফ্যান সবচেয়ে ভালো কাজ করে।
৪ বা ৫ ব্লেডের ফ্যান: বর্তমানে স্টাইলিশ ৪ বা ৫ ব্লেডের ফ্যানের চাহিদা বাড়ছে। এগুলো বড় ঘরের জন্য বেশ উপযোগী এবং বেশি হাওয়া দিতে সক্ষম। তবে ব্লেড সংখ্যা বাড়লে মোটরের ওপর চাপ বেশি পড়ে, ফলে বিদ্যুৎ খরচ কিছুটা বাড়তে পারে।

অনেকের ধারণা ফ্যানের ব্লেড বড় হলে বা সংখ্যায় বেশি হলে বিদ্যুৎ বিল আকাশচুম্বী হবে। বিষয়টি আংশিক সত্য হলেও বিদ্যুৎ খরচ মূলত নির্ভর করে ফ্যানের মোটর এবং RPM (প্রতি মিনিটে ঘোরার গতি) এর ওপর। উন্নত মানের বিএলডিসি (BLDC) মোটর এবং ছোট মোটরযুক্ত ফ্যান সাধারণত কম বিদ্যুৎ খরচ করে। আবার ফ্যান যদি দ্রুত ঘর ঠান্ডা করতে পারে, তবে তা বেশিক্ষণ চালানোর প্রয়োজন হয় না, যা পরোক্ষভাবে বিদ্যুৎ সাশ্রয় করে।
১. ব্লেডের ডিজাইন: খেয়াল রাখবেন ফ্যানের ব্লেডের প্রান্তে যেন হালকা বাঁক বা কার্ভ থাকে। এই বাঁক না থাকলে বাতাস সঠিকভাবে নিচে নামবে না।
২. স্টার রেটিং: বিদ্যুৎ সাশ্রয় করতে চাইলে অবশ্যই 'এনার্জি স্টার রেটিং' দেখে কিনুন। বাজারে অন্তত ৩-স্টার রেটিংযুক্ত ফ্যান নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে ৪ বা ৫-স্টার রেটিংয়ের ফ্যান সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
আরও পড়ুন: সুইচ চাপার সঙ্গে সঙ্গে এলইডি জ্বলে কিন্তু টিউবলাইট কেন সময় নেয়?
৩. ঘরের আয়তন: বড় ঘরের জন্য ৪ বা ৫ ব্লেডের ফ্যান ভালো হলেও ছোট বা মাঝারি ঘরের জন্য ৩ ব্লেডের ফ্যানই যথেষ্ট। অপ্রয়োজনে বেশি ব্লেডের ফ্যান লাগালে বাতাসের সুফল পাওয়া যায় না।
পরিশেষে, শুধু শৌখিনতা নয়, বরং ঘরের আকার এবং মোটরের কার্যক্ষমতা বিচার করে ফ্যান কেনাই হবে বুদ্ধিমানের কাজ। এতে একদিকে যেমন গরম থেকে মুক্তি মিলবে, অন্যদিকে মাস শেষে বিদ্যুৎ বিলও থাকবে হাতের নাগালে।
এজেড