তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:২০ এএম
প্রযুক্তির এই যুগে ঘরে বসেই পছন্দের পোশাক বা গ্যাজেট অর্ডার করা এখন অনেক সহজ। সামনেই ঈদ, আর এই উৎসবের কেনাকাটায় শপিং মলগুলোর পাশাপাশি ভিড় বেড়েছে অনলাইন শপগুলোতেও। তবে অনলাইন শপিংয়ের এই সুবিধার আড়ালে ওত পেতে আছে বড় ধরনের প্রতারণার ঝুঁকি। সামান্য অসতর্কতায় যেকোনো লিংকে ক্লিক করলেই আপনার সাধের স্মার্টফোনটি হ্যাক হতে পারে, এমনকি মুহূর্তেই খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট।
অনলাইন কেনাকাটায় নিরাপদ থাকতে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন শপিংয়ের মূল টিপসগুলো নিচে তুলে ধরা হলো-
১. সন্দেহজনক লিংকে ক্লিক থেকে বিরত থাকুন
ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করার সময় আকর্ষণীয় পোশাক বা পণ্যের চটকদার বিজ্ঞাপন দেখে হুট করে নিচের দেওয়া লিংকে ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রে এসব লিংকের মাধ্যমে ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিং ডিটেইলস চুরি করা হয়। কোনো অফার পছন্দ হলে সরাসরি ওই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে যাচাই করুন।
আরও পড়ুন: স্মার্টফোনে ঈদ অফার ২০২৬: মেগা ক্যাম্পেইন ও পুরস্কারের ছড়াছড়ি
২. বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেছে নিন
কেনাকাটার জন্য সর্বদা সুপরিচিত এবং ভেরিফাইড ই-কমার্স সাইট বা ফেসবুক পেজ বেছে নিন। অপরিচিত কোনো পেজ থেকে অর্ডার করার আগে তাদের অফিস ঠিকানা এবং কাস্টমার কেয়ার নম্বর আছে কি না দেখে নিন। ব্রাউজারের অ্যাড্রেস বারে 'https://' (secure) আছে কিনা তা নিশ্চিত হয়ে পেমেন্ট করুন।
৩. অবিশ্বাস্য অফার এড়িয়ে চলুন
যদি দেখেন কোনো নামী ব্র্যান্ডের পণ্য বা দামী ইলেকট্রনিক্স ডিভাইস অস্বাভাবিক কম দামে (যেমন: ৯০% ছাড়) অফার করা হচ্ছে, তবে শুরুতেই সতর্ক হোন। প্রতারক চক্র মূলত মানুষের এই অতি-লোভকে পুঁজি করেই ফাঁদ পাতে।
আরও পড়ুন:
৪. রেটিং ও রিভিউ যাচাই
পণ্য কেনার আগে আগের ক্রেতাদের মন্তব্য বা রিভিউ এবং রেটিং অবশ্যই দেখে নিন। যদি নেতিবাচক কমেন্ট বেশি থাকে বা কমেন্ট সেকশন বন্ধ থাকে, তবে সেখান থেকে পণ্য কেনা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
৫. রিটার্ন পলিসি ও কাপড়ের গুণমান
ছবিতে যা দেখছেন বাস্তবে তা না-ও হতে পারে। তাই অর্ডার করার আগে সেই প্রতিষ্ঠানের 'রিটার্ন ও রিফান্ড পলিসি' ভালো করে পড়ে নিন। বিশেষ করে কাপড়ের সাইজ, রং এবং ম্যাটেরিয়াল সম্পর্কে নিশ্চিত হয়ে অর্ডার করুন যাতে প্রতারিত হতে না হয়।
অনলাইন কেনাকাটায় আপনার একটু সচেতনতাই পারে উৎসবের আনন্দকে নিরবচ্ছিন্ন রাখতে।
এজেড