images

তথ্য-প্রযুক্তি

ফ্রিজের নিচে জমছে পানি? মেকানিক ডাকার আগে নিজেই সারিয়ে ফেলুন এভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

গরমে বা বর্ষায় মধ্যবিত্তের ঘরের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র রেফ্রিজারেটর বা ফ্রিজ প্রায়ই কিছু সাধারণ সমস্যায় ভোগে। এর মধ্যে অন্যতম হলো ফ্রিজের নিচ দিয়ে পানি পড়া। ফ্রিজ পুরনো হয়ে গেলে বা সঠিক যত্নের অভাবে এই সমস্যা বেশি দেখা দেয়। তবে ফ্রিজ থেকে পানি বের হওয়া মানেই যে মেকানিক ডাকতে হবে, তা কিন্তু নয়। কিছু ছোট কৌশল জানা থাকলে ঘরে বসেই এক মিনিটে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন।

ফ্রিজ থেকে পানি বের হওয়ার সাধারণ কিছু কারণ

ফ্রিজ থেকে পানি চুইয়ে পড়ার পেছনে সাধারণত তিনটি প্রধান কারণ থাকে-

ডিফ্রস্ট ড্রেন আটকে যাওয়া: এটি সবচেয়ে সাধারণ কারণ। ড্রেন পাইপে খাবারের কণা বা ময়লা জমে গেলে পানি বের হতে পারে না।

পানির লাইনে বাধা: অনেক মডেলে পানি ও বরফ সরবরাহের লাইনে সমস্যা থাকলে ফ্রিজের নিচে পানি জমতে পারে।

image-812515-1717424134

ফ্রিজ সঠিক জায়গায় না রাখা: ফ্রিজ যদি একদম সমতল বা দেয়ালের খুব কাছে থাকে, তবে এর কার্যকারিতা ব্যাহত হয়ে পানি লিক করতে পারে।

ঘরে বসেই সমাধানের সহজ উপায়

১. ডিফ্রস্ট ড্রেন পরিষ্কার করা

ফ্রিজের ভেতরে বরফ জমে যাওয়া রোধ করতে একটি ড্রেন পাইপ থাকে। কোনো কারণে এখানে ময়লা জমলে গরম পানি ব্যবহার করে তা পরিষ্কার করার চেষ্টা করুন। ড্রেনে হালকা গরম পানি ঢেলে দিলে জমে থাকা ময়লা বা বরফ গলে গিয়ে পানি চলাচল স্বাভাবিক হবে। যদি পানি না নামে, তবে সরু পাইপ ক্লিনার বা চিকন তার ব্যবহার করে সাবধানে ময়লা সরিয়ে দিতে পারেন।

২. পানির লাইন পরীক্ষা করা

যদি পানির লাইনের কারণে সমস্যা হয়, তবে প্রথমে ফ্রিজটি বন্ধ করুন। এরপর শাট-অফ ভালভটি চেক করুন। যদি লাইনে বরফ জমার কারণে পানি বের হতে না পারে, তবে চার ঘণ্টার জন্য ফ্রিজের প্লাগ খুলে রাখুন। এতে ভেতরের বরফ গলে গিয়ে পানির প্রবাহ ঠিক হয়ে যাবে। তবে পাইপে ছিদ্র থাকলে তা পাল্টে ফেলার জন্য মেকানিকের সাহায্য নিতে পারেন।

আরও পড়ুন: ফ্রিজ দেয়াল থেকে কতটা দূরে রাখা উচিত?

৩. ফ্রিজের অবস্থান পরিবর্তন

আপনার ফ্রিজটি দেয়াল থেকে অন্তত ৫-৬ ইঞ্চি দূরে রাখুন। ফ্রিজটি একদম সমতল না রেখে সামনের অংশ সামান্য উঁচু করে রাখা ভালো, যাতে কুল্যান্ট সঠিকভাবে প্রবাহিত হতে পারে। এজন্য ফ্রিজের স্ট্যান্ড ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সঠিক অবস্থানে থাকলে কনডেন্সার থেকে পানি লিকের ঝুঁকি অনেক কমে যায়।

এজেড