স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম
পেলে আর নেই, তবে রয়ে গেছে তার সুদীর্ঘ সাফল্যের তালিকা। যে সাফল্যগাথা আজীবন লেখা থাকবে বিশ্ব ফুটবলের সোনালী ডায়েরিতে। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে ফুটবল মাঠে আসা পেলের। এরপর থেকেই একের পর এক সাফল্যে তাকে পরিপূর্ণ করে তোলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ের জাদুতে মুগ্ধ হতে থাকে পুরো ফুটবল বিশ্ব। ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল, সর্বত্রই নিজ গুনে দ্যুতি ছড়িয়ে ক্যারিয়ারকে করেছিলেন সমৃদ্ধ।
ফুটবল সম্রাট পেলের মৃত্যর পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষনা দিয়েছিলেন, পেলেকে শ্রদ্ধা জানাতে প্রতিটি দেশের ফুটবল ফেডারেশন যেন তার নামে একটি করে স্টেডিয়াম তৈরি করে।
আরও পড়ুন- বিপিএলে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার!

এরই ধারাবাহিকতায় পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউতে পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। দেশটির সরকার বাফাটার শহরে অবস্থিত একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম।
দেশটির মন্ত্রিসভার বৈঠকে ৬ জানুয়ারি (শুক্রবার) এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়াও পেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এর সঙ্গে ঘোষণা আসে স্টেডিয়ামের নাম পরিবর্তনের।
দেশটির সরকারের এক বিবৃতিতে জানা যায়, ‘পেলেকে শ্রদ্ধা জানাতেই মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক স্টেডিয়ামটির নাম কিং পেলে করার সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন- অবসরের ঘোষণা টেনিস ‘সুন্দরী’ সানিয়া মির্জার
১৫ হাজার আসনসংখ্যা সম্বলিত ‘কিং পেলে’ স্টেডিয়ামটি গিনি বিসাউ এর রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। মাঠটি দেশটির সর্বোচ্চ ফুটবল লিগে খেলা স্পোর্টিং ক্লাব ডি বাফাটার হোম ভেন্যু হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, এর আগে ব্রাজিলের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত কেপ ভার্দের প্রধানমন্ত্রী উলিস কোরেয়া দেশটির জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ‘পেলে স্টেডিয়াম’ করার ঘোষণা দিয়েছিলেন।
এফএইচ