Dhaka Mail Logo

ফুটবল

ইউনিটি কাপ ফুটসালে চ্যাম্পিয়ন ফিট টুগেদার হেলথ ক্লাব

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

এমআইএসটি ইউনিটি কাপ ২০২৬ ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফিট টুগেদার হেলথ ক্লাব (এমআইএসটি)। ফাইনালে এমআইএসটি টাইটান এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

রাজধানীর বসুন্ধরার শেফস টেবিল কোর্টসাইডে শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফুটসাল টুর্নামেন্ট ও মিলনমেলা। বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজন চলে রাত পর্যন্ত।

এমআইএসটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল। 

গ্রুপ 'এ'-তে ছিল এমআইএসটি ওল্ড গার্ডস, ফিট টুগেদার হেলথ ক্লাব (এমআইএসটি), মেচা ইগনিটর্স ও এমআইএসটি লেজেন্ডস এফসি। 

গ্রুপ 'বি'-তে ছিল কারেন্ট ব্যাচ লেভেল ৪, কারেন্ট ব্যাচ লেভেল ৩. কারেন্ট ব্যাচ লেভেল ২ এবং ড্রয়ের মাধ্যমে যুক্ত হওয়া এমআইএসটি টাইটান এফসি। এভাবে একই আসরে খেলেছেন প্রাক্তন শিক্ষার্থীদের দল ও বর্তমান ব্যাচগুলোর দল।

প্রতিটি গ্রুপে দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে খেলে। জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ে ১ পয়েন্ট এবং হারলে কোনো পয়েন্ট ছিল না। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান, তারপর করা গোলের সংখ্যা বিবেচনা করা হয়। 

প্রতিটি ম্যাচ ছিল ১৮ মিনিটের, যাতে ছিল ৮ মিনিটের দুটি অর্ধ ও ২ মিনিটের বিরতি। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল নিজ নিজ গ্রুপে সেমিফাইনাল খেলে। দুই সেমিফাইনালের বিজয়ী ফিট টুগেদার হেলথ ক্লাব ও এমআইএসটি টাইটান এফসি ওঠে ফাইনালে।

সাত-জনের ফুটসালের এই ফাইনালে ফিট টুগেদার হেলথ ক্লাব ৩-৩ ফর্মেশনে দল সাজায়। ঘোষিত একাদশে গোলকিপার ছিলেন নাঈম: রক্ষণে রবিন মল্লিক, মাখতুম ও সুমেল; মাঝমাঠে শুভ, আজিম ও শামীম আল মামুন। 

দলের অধিনায়ক শাহীন বাবু। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয়ে শিরোপা নিশ্চিত করে ফিট টুগেদার, আর টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর রানার আপ হয় এমআইএসটি টাইটান এফসি।

দারুণ পারফরম্যান্স করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন শামীম আল মামুন। ম্যান অব দ্যা ফাইনাল রবিন মল্লিক। শ্রেষ্ঠ গোলকিপারের পুরস্কার উঠেছে নাঈমের হাতে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহির সোহেল ও মশিউর রহমান। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল ফিট টুগেদার হেলথ ক্লাবের ম্যানেজার ছিলেন মো. মাকসুদুর রহমান।

টুর্নামেন্টের আয়োজকদের আশা, খেলার মাঠে তৈরি হওয়া এই পরিচিতি ও বন্ধন সিনিয়র-জুনিয়রদের মধ্যে নিয়মিত যোগাযোগের পথ খুলে দেবে এবং এমআইএসটির জন্য একটি অ্যালামনাই কমিটি গঠনের ভাবনাকে এগিয়ে নেবে।

-এমএমএস