লিওনেল মেসির নাম শুনলেই মনে পড়ে মাঠের জাদু। কিন্তু এবার সেই জাদু ছাপিয়ে গেছে একটা বিতর্কিত মুহূর্ত। ইন্টার মিয়ামির অধিনায়ক প্রতিপক্ষের মুখের দিকে বল ছুঁড়ে দিয়ে আলোচনার ঝড় তুলেছেন। আর মাঠেও দিনটা মোটেই ভালো যায়নি তার দলের। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে বসেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি।
ঘটনাটি ঘটে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষভাগে। তখন মিয়ামি ১-০-এ পিছিয়ে এবং ১০ জনে খেলছে। ৩৬ মিনিটে গঞ্জালো লুহানের লাল কার্ডে সংখ্যা কমে যায়। এর আগে পেনাল্টি থেকে গঞ্জালো তাপিয়া কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন। থ্রো-ইন নেওয়ার সময় তাপিয়া বাধা দিলে মেসি সরাসরি তার মুখের দিকে বল ছুঁড়ে দেন। রেফারি অ্যালেন চ্যাপম্যান দুজনকেই হলুদ কার্ড দেখান।
কলম্বাসের কোচ লরাঁ কোর্তোয়া ম্যাচ শেষে বলেন, ‘সবাই জানে, মেসির আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল। বিষয়টি সত্যিই দুঃখজনক।’ রেফারি চ্যাপম্যান অবশ্য জানান, বলের গতি ও শক্তি খুব বেশি ছিল না বলে এটি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি।
দ্বিতীয়ার্ধে তাহা হারব্রুন ও তাপিয়ার আরও দুই গোলে কলম্বাস ৩-০-এ জয় নিশ্চিত করে। মিয়ামির কোচ কিলি গঞ্জালেস বলেন, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি এবং সবকিছুই তাদের বিপক্ষে গেছে। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাও জানান তিনি।
তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে হেরে এখন কঠিন সমীকরণের সামনে মেসিরা। আগামী শুক্রবার কলম্বাসের মাঠে জিততেই হবে। না হলে প্লে-অফ থেকে বিদায়ের ঝুঁকি রয়েছে।




