Dhaka Mail Logo

ক্রিকেট

আফগানদের হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ ২০২৩, ০৯:৩৫ এএম

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তাই শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে ব্যাটে-বলে জ্বলে উঠে রশিদ-নবীদের হারিয়ে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা এড়াল পাকিস্তান।

আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (সোমবার) তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৬৬ রানে। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে প্রথম দুই ম্যাচের মতো পাকিস্তানকে ধরাশায়ী করতে পারেনি আফগান বোলাররা। পাকিস্তান ব্যাটার সাইম আইয়ুবের ৪০ বলে ৪৯, ইফতেখার আহমেদের ৩১ ও ইনিংসের শেষ দিকে অধিনায়ক শাদাব খানের ২৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের সম্মানজনক পুঁজি পায় পাকিস্তান।

আরও পড়ুন- প্রথম টি-টোয়েন্টিতে নতুন যে রেকর্ড গড়েছে বাংলাদেশ

আফগানিস্তানের হয়ে ৬ জন বোলারই উইকেটের দেখা পেয়েছেন। এরমধ্যে ২৮ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলার ছিলেন অফ স্পিনার মুজিব উর রহমান।

১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। পরবর্তীতে মোহাম্মদ নবি ও উসমান ঘানি দলকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ১১৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

আরও পড়ুন- সতীর্থদের সঙ্গে খোশ মেজাজে মেসি, নাচের ভিডিও ভাইরাল

এদিন পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক শাদাব খান। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান খরচে ৩ উইকেট পান এই স্পিনার। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে পাকিস্তান অধিনায়কের হাতে। তাছাড়াও ইহসানুল্লাহ ৩টি উইকেট শিকার করেন।

এফএইচ