স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ব্যাট হাতে ম্যাচের চিত্র বদলে দিল দক্ষিণ আফ্রিকা। একপ্রান্তে রায়ান রিকেলটনের দায়িত্বশীল সেঞ্চুরি, অন্যপ্রান্তে কাগিসো রাবাদার বিধ্বংসী ব্যাটিং। দুজনের অসাধারণ জুটিতে ঘুরে দাঁড়াল সফরকারীরা। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে ৫৫৭ রানে অলআউট প্রোটিয়ারা। তাতে ১৫৬ রানের বড় লিড দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ ছিল ঘাটতি কাটিয়ে লিড নেওয়া। তবে দিনের শুরু থেকেই ব্যাট হাতে আত্মবিশ্বাসের পরিচয় দেন রিকেলটন ও রাবাদা।
আরও পড়ুন-১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন নাসির
আগের দিন ৫৬ রান নিয়ে অপরাজিত ছিলেন রিকেলটন। অন্যদিকে, মাত্র ৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন রাবাদা। শুরু থেকেই দুজনের ব্যাটিংয়ে ছিল ইতিবাচক মনোভাব। ধীরে ধীরে বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করতে থাকেন এই দুই ব্যাটার। একদিকে রিকেলটন নিজের ইনিংস বড় করেন, অন্যদিকে রাবাদাও সুযোগ বুঝে আক্রমণাত্মক শট খেলতে থাকেন।
দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পান রিকেলটন। তার ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস যেমন শক্ত ভিত পায়, তেমনি বাংলাদেশের জন্য বাড়তে থাকে চ্যালেঞ্জ। অন্যদিকে, বল হাতে পরিচিত রাবাদা ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। একের পর এক রান তুলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন এই প্রোটিয়া পেসার।
আরও পড়ুন-কলকাতা নাইট রাইডার্স কি ছেড়ে দিচ্ছেন শাহরুখ খান
তবে রাবাদার ইনিংসটি আরও আগেই শেষ হওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। ৩৮ রানে থাকার সময় তাসকিন আহমেদের বলে তার ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু গুরুত্বপূর্ণ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত। জীবন ফিরে পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন রাবাদা। পরবর্তী সময়ে তার ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ আরও বেড়ে যায়।
রিকেলটন আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে চতুর্থ দিনে আবারও ব্যাট হাতে দলের হাল ধরেন তিনি। ক্রিজে ফিরেই নিজের ব্যক্তিগত সংগ্রহে এক রান যোগ করে অর্ধশতক পূর্ণ করেন বাভুমা। এরপর রাবাদার সঙ্গে জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এদিকে রাবাদার ব্যাটিংয়ে ছিল আক্রমণাত্মক মেজাজ। বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজের বলেও বড় শট খেলতে দ্বিধা করেননি তিনি। শেষ পর্যন্ত মিরাজের বলেই থামে রাবাদার দুর্দান্ত ইনিংস। তবে বিদায়ের আগে মিরাজের টানা দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচয় দেন এই পেসার।
আউট হওয়ার আগে ৯৩ বল মোকাবিলা করে ৭২ রান করেন রাবাদা। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও দুটি ছক্কায়। গুরুত্বপূর্ণ সময়ে এমন ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে যায়। রাবাদা সাজঘরে ফিরলেও দক্ষিণ আফ্রিকার ইনিংস তখনো শেষ হয়নি। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ আরও বাড়ানোর দায়িত্ব নেন বাভুমা।
এই জুটিতেও বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছিল। হাসান মাহমুদের বলে ১১ রানে বোল্ড হয়েছিলেন প্যাটারসন। কিন্তু বলটি নো বল হওয়ায় উইকেটটি পাননি বাংলাদেশের এই পেসার। জীবন ফিরে পেয়ে প্যাটারসনও হাত খুলে খেলতে শুরু করেন। পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে দলের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যোগ করেন তিনি।
শেষ উইকেটে বাভুমা ও প্যাটারসনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে যায় ৫৫৭ রানে। ২৯ রান করে প্যাটারসন আউট হলেও বাভুমা ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাতে বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড পেয়েছে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে নিয়ে নিয়েছে সফরকারীরা।