বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্ব রেকর্ড লিটনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

বিশ্ব রেকর্ড লিটনের

এক হাতে ব্যাট, অন্য হাতে উইকেটকিপিংয়ের গ্লাভস দুই ভূমিকাতেই যেন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন লিটন কুমার দাস। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করার পর উইকেটের পেছনেও দেখালেন অসাধারণ দক্ষতা। জোহানেসবার্গ টেস্টে এক ইনিংসে আটটি ডিসমিসাল নিয়ে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দীর্ঘ টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও এক ইনিংসে আটটি ডিসমিসালের কীর্তি আগে কোনো উইকেটরক্ষকের ছিল না।

ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে লিটনের রেকর্ড গড়ার মুহূর্তটি আসে। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন। এই ডিসমিসালের মধ্য দিয়ে চলতি ইনিংসে লিটনের নামের পাশে জমা হয় সপ্তম শিকার। এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। তাতেই এক ইনিংসে আটটি ডিসমিসাল নিয়ে এককভাবে রেকর্ডের মালিক হন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।

এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা এই কীর্তি গড়েছিলেন। এবার তাঁদের ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন লিটন।

চলতি ইনিংসে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের এই উইকেটকিপার। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে প্রথম চার উইকেটের তিনটিই আসে তাঁর ক্যাচ থেকে। এরপর বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়া তৃতীয় দিনেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। সেদিন প্রতিপক্ষের তিনটি উইকেটের সব কটিই ক্যাচ হিসেবে তালুবন্দি করেন তিনি। চতুর্থ দিনে আরও দুটি স্টাম্পিং করে নিজের রেকর্ডকে নিয়ে যান আটে।

লিটনের এই অর্জন শুধু এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই টেস্টে সেঞ্চুরি এবং এক ইনিংসে আটটি ডিসমিসাল দুটি কীর্তি একসঙ্গে গড়েও ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্স একই টেস্টে সেঞ্চুরি এবং এক ইনিংসে ছয়টি ডিসমিসালের নজির গড়েছিলেন। এবার তাঁদের সেই রেকর্ড ছাড়িয়ে আরও বড় কীর্তি গড়লেন লিটন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর