স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতানো লিওনেল মেসির সঙ্গে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সম্পর্ক এবার নতুন করে সংকটের মুখে। মাঠের বাইরের নানা ঘটনা, বাণিজ্যিক স্বার্থের দ্বন্দ্ব এবং আয়োজনে অসন্তোষ। সব মিলিয়ে সংস্থাটির শীর্ষ দুই কর্মকর্তা ক্লদিও তাপিয়া ও পাবলো তোভিগিনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন-মেসি নাকি রোনালদো, দুর্বল প্রতিপক্ষের জালে কার গোল বেশি?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ওয়াইফাইতে সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি জানান, মেসি ব্যক্তিগত ও ব্যবসায়িক দুই ধরনের সম্পর্কই শেষ করতে চান। এএফএ যেন অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারণায় তাঁর নাম ও ছবি ব্যবহার করতে না পারে, সে জন্য আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগও নিয়েছেন তিনি।
আরও পড়ুন- মেসি আর্জেন্টিনা দলে আসতে চাইলে স্বাগত: স্কালোনি
বিতর্কের সূত্রপাত মূলত বিয়ার কোম্পানির বিজ্ঞাপন নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। অথচ এএফএর স্থানীয় এক বিয়ার স্পনসর প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। উইনিয়াস্কির দাবি, সভাপতি তাপিয়ার অনুমতিতেই এমনটি করা হয়েছিল। বিষয়টি জানার পর মিশেলবের পক্ষ থেকে মেসির প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তোষের কথা জানিয়েছেন ওই সাংবাদিক। তাঁর দাবি, অনুষ্ঠানে শব্দ ব্যবস্থাপনায় সমস্যা ছিল এবং ড্রোন প্রদর্শনীও ছিল ত্রুটিপূর্ণ।
এছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের চুক্তি নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার শর্ত ছিল। এ নিয়ে ভিআইডি মিউজিক গ্রুপ এলএলসি এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ করেছে।
অন্যদিকে, এএফএর অর্থ লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম ক্লারিনের তথ্য অনুযায়ী, ইয়ট ভাড়া ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে অন্তত ১২ লাখ ৭০ হাজার ডলার পাঠানো হয়েছে। এর মধ্যে তাপিয়ার ইয়টে অবস্থানের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। এ বিষয়ে এখন পর্যন্ত মেসি কিংবা তাপিয়া কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি।