Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

কলকাতা নাইট রাইডার্স কি ছেড়ে দিচ্ছেন শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) নতুন বিনিয়োগকারী যুক্ত হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৭ আইপিএল মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিটির শেয়ার কিনতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরেস ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছে বর্তমান মালিকপক্ষ। তবে এই বিনিয়োগের ফলে কেকেআরের মালিকানা কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

‘দ্য স্টেট অব প্লে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কেকেআরের বর্তমান মালিকদের সঙ্গে আরেস ম্যানেজমেন্টের আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন-২০২৭ আইপিএল নিলামের আগে কোন দল কাকে রাখল, কাকে ছাড়ল

আরও পড়ুন-আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে নতুন চাকরি নিলেন ধোনি

কেকেআরের মালিকানা রয়েছে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। ২০০৮ সালে গঠিত এই যৌথ উদ্যোগে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতার মেহতা গ্রুপ রয়েছে। নতুন বিনিয়োগের আলোচনার কেন্দ্রে মূলত মেহতা গ্রুপ। তারা ফ্র্যাঞ্চাইজি থেকে পুরোপুরি সরে না গিয়ে নিজেদের অংশের কিছু শেয়ার বিক্রির বিষয়টি বিবেচনা করছে।

গত আগস্টে মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেহতা গ্রুপ তাদের প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে। সে সময় কেকেআরের সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ১৮০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ১৬ হাজার ২০০ কোটি রুপি। এটি ছিল প্রত্যাশিত মূল্য, চূড়ান্ত চুক্তির অঙ্ক নয়।

আরও পড়ুন-যে কারণে ২০২৭ আইপিএলে খেলবেন না ট্রাভিস হেড

এদিকে শাহরুখ খানের মালিকানা বাড়ানোর গুঞ্জনও রয়েছে। মেহতা গ্রুপের কাছ থেকে আরও ৩৫ শতাংশ শেয়ার কিনে নিজের অংশীদারত্ব প্রায় ৯০ শতাংশে উন্নীত করতে পারেন তিনি। প্রায় ৪ হাজার কোটি রুপির এই সম্ভাব্য লেনদেন এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কেকেআরের এই সম্ভাব্য বিনিয়োগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন থেকে আলাদা। ওই দুই দলে সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রির আলোচনা হয়েছে। কিন্তু কেকেআরের ক্ষেত্রে প্রস্তাবিত বিনিয়োগ অল্প পরিমাণ অংশীদারত্বের, যাতে বর্তমান মালিকানা কাঠামো মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

নাইট রাইডার্স গ্রুপ ইতোমধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, ইউএই-এর লিগে আবুধাবি নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মালিক তারা। তাই কেকেআরে নতুন বিনিয়োগ পুরো গ্রুপের সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ হতে পারে।