স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
হামজার দুর্দান্ত গোলে ২-০তে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে।
পুরোটা সময়ই দাপট দেখিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলমুখে ১০টি শট করেছে তারা, ৩টি ছিল গোলে, দুটিই গোল হয়েছে। শ্রীলঙ্কা তাদের ৩ শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।
২৬ মিনিটে রাকিব বল বাড়িয়েছিলেন দুর্দান্তভাবে। হামজাকে তিনি পেয়েও গিয়েছিলেন এবার। কিন্তু ততক্ষণে তার সামনে এসে হাজির শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। পরে ব্যাক হিলে গোল করতে চেয়েছিলেন হামজা, তবে জাল খুঁজে পায়নি।
এর আগে অষ্টম মিনিটে হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়েছেন। অষ্টম মিনিটে এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ।
এআরএম