স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন শমিত সোম।
ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার রক্ষণভাগ বিপদে পড়ে। গোলরক্ষক বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে প্রথম শটটি প্রতিহত হয়। তবে ফিরতি বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি শমিত। তাতেই উল্লাসে মাতে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল দল। অধিনায়ক হামজা চৌধুরীর নেওয়া শট অবশ্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর সপ্তম মিনিটে হোসাইনের বাড়ানো বিপজ্জনক ক্রস থেকে সুযোগ তৈরি হলেও ফারহান আলী ওয়াহিদ বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।
এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন হামজা। একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও। ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। বাংলাদেশের লক্ষ্য এখন লিড ধরে রেখে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।
এআরএম