স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
ব্যালন ডি’অর ঘোষণার দিন যত কাছাকাছি আসছে, ফুটবল বিশ্ব ততই জল্পনায় মেতে উঠেছে। কে হবেন এবারের নতুন রাজা? ছোট্ট তালিকায় একের পর এক তারকার নাম উঠলেও ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও পারফরম্যান্স বিশ্লেষণে এখনও সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জয়ের সম্ভাবনা এখন প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ বলে জানা যাচ্ছে বিভিন্ন প্রেডিকশন মার্কেট থেকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী স্প্যানিশ বিস্ময় লামিনে ইয়ামাল। ইয়ামালের সম্ভাবনা ধরা হচ্ছে প্রায় ২৮ শতাংশ। বাকি অংশ ঝুলছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও রেকর্ড আটবারের বিজয়ী লিওনেল মেসির দিকে।
আরও পড়ুন-ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাচ্ছে না পিএসজির কেউ! নেপথ্যে যে কারণ
আরও পড়ুন- অতিরিক্ত প্রত্যাশায় সন্তানের ক্ষতি করছেন অভিভাবকেরা: মেসি
বিশ্বকাপের ফাইনালের আগে মেসি ছিলেন ফেভারিট। কিন্তু টুর্নামেন্ট শেষে পরিস্থিতি পাল্টে যায়। ইয়ামাল বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ফাইনালে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। সেই ম্যাচে তিনি চারটি শট নিয়েছিলেন গোলমুখে। মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্ম দেখানো এই তরুণ ফাইনালে একটি গোল পেলে হয়তো ব্যালনের আরও শক্তিশালী দাবিদার হয়ে উঠতেন।
পারফরম্যান্সের ধারাবাহিকতা বিচারে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া (ইএসএম)-এর ‘টিম অব দ্য মান্থ’-এর হিসাব গুরুত্বপূর্ণ। গত মৌসুমে এই সেরা একাদশে সর্বোচ্চ আটবার জায়গা পেয়েছেন কেইন। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া সাতবার এবং ডেকলান রাইস ও মাইকেল ওলিসে ছয়বার করে স্থান পান। এমবাপে পাঁচবার এবং আর্লিং হলান্ড চারবার এই তালিকায় ছিলেন। তবে রায়া চূড়ান্ত ব্যালন সংক্ষিপ্ত তালিকায় স্থান পাননি।
অপটা পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে গোল ও অ্যাসিস্টের মোট অবদানে সবাইকে ছাড়িয়ে গেছেন কেইন। তিনি ৬৪টি গোলে সরাসরি ভূমিকা রাখেন। এমবাপে ৬০টি নিয়ে দ্বিতীয়, এরপর ওলিসে (৫২), হলান্ড (৫০), লুইস দিয়াজ (৪১) ও ইয়ামাল (৩৮)। অ্যাডজাস্টেড গোল ও এক্সপেক্টেড অ্যাসিস্ট সূচকেও কেইন (৫১.১৬) ও এমবাপে (৫০.৮৬) শীর্ষে।
বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচের হিসাবে মেসি একক আধিপত্য দেখিয়েছেন। রানার্সআপ হলেও তিনি সর্বোচ্চ পাঁচবার ম্যাচসেরা নির্বাচিত হন। জুড বেলিংহ্যাম চারবার এবং এমবাপে, হলান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র তিনবার করে পান। কেইন ও ইয়ামাল উভয়েই দুইবার করে ম্যান অব দ্য ম্যাচ হন।
বিজয়ী নির্ধারণ করবেন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের ১০০ জন সাংবাদিকের জুরি বোর্ড। প্রত্যেকে পছন্দের ১০ জনকে ক্রমানুসারে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেবেন। বিবেচনায় থাকবে ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লে।
সব হিসাব-নিকাশ বন্ধ হবে আগামী সোমবার রাত ১টায় (বাংলাদেশ সময়)। লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উঠবে ব্যালন ডি’অর। কেইন কি এবারের বিজয়ী হবেন, নাকি ইয়ামাল বা অন্য কেউ চমক দেখাবেন; সেই উত্তর এখন সময়ের হাতে।